সংবাদদাতা, কালনা: পুরসভার সুইমিং পুলের জলের উপর বসছে বিয়ে বাড়ির প্যান্ডেল। কার্যত ঢেকে দেওয়া হয়েছে সুইমিং পুলের একাংশ। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের কালনা শহরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। পুরসভার সম্পত্তি ব্যবহারের নিয়মকানুন এবং অনুমতির বৈধতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আরও চাঞ্চল্য ছড়িয়েছে, বিধায়ক ও পুরসভার চেয়ারম্যান সরেজমিনে তদন্তে যাওয়ার পরও মঞ্চ না খোলায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনা পুরসভার অধীন সুইমিং পুল চত্বরকে বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যবহার করার ব্যবস্থা করা হয়। কিন্তু অভিযোগ, অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে সুইমিং পুলের জলের উপরেই তৈরি করা হয় বিয়ের মঞ্চ। আর এই ঘটনাকে ঘিরেই শুরু হয় তীব্র বিতর্ক। প্রশ্ন উঠতে থাকে, পুরসভার সুইমিং পুলের জলের উপর এভাবে মঞ্চ তৈরির অনুমতি আদৌ দেওয়া হয়েছিল কি না? বিষয়টি সামনে আসার পর পরিস্থিতি খতিয়ে দেখতে সরেজমিনে তদন্তে যান বিধায়ক ও পুরসভার চেয়ারম্যান। কিন্তু অভিযোগ, তাঁদের পরিদর্শনের পরও মঞ্চটি খুলে ফেলা হয়নি। ফলে প্রশাসনিক নজরদারি এবং পুরসভার নির্দেশ কার্যকর করা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এই বিতর্কে পুরসভার চেয়ারম্যান রিনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সুইমিং পুল এলাকাটি বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু সুইমিং পুলের জলের মধ্যে মঞ্চ বাঁধার কোনও অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ, চত্বর ব্যবহারের অনুমতি থাকলেও পুলের জলের উপর মঞ্চ তৈরির বিষয়টি অনুমোদিত ছিল না বলেই স্পষ্ট করেছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, 'ধনী ব্যক্তি বলে অন্যায়কে ক্ষমা করা হচ্ছে। মঞ্চ ব্যবহার বন্ধ করা হোক'।



