Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেকের বার্তা, অনশন তুলে নিতে পারেন মতুয়ারা

আজ, সোমবার অনশন তুলে নিতে পারেন মমতা ঠাকুর। এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। বেলা ১২টার সময় অনশন প্রত্যাহার করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারেন তিনি।

অভিষেকের বার্তা, অনশন তুলে নিতে পারেন মতুয়ারা
  • ১৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: আজ, সোমবার অনশন তুলে নিতে পারেন মমতা ঠাকুর। এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। বেলা ১২টার সময় অনশন প্রত্যাহার করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারেন তিনি। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের স্বার্থে এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। তার আগে রবিবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়াদের অনশন মঞ্চে যান রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা এবং স্নেহাশিস চক্রবর্তী। সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ। মতুয়াদের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠিতে অনশন তুলে নিতে মতুয়াদের অনুরোধ করেন অভিষেক। যদিও অভিষেকের বার্তার পর প্রথমে অনশন তুলে নিতে রাজি ছিলেন না তাঁরা। আন্দোলনকারীদের দাবি ছিল, মুখ্যমন্ত্রী আসুন কিংবা প্রতিনিধি দলের মাধ্যমে তাঁদের উদ্দেশে বার্তা পাঠানো হোক। কিন্তু পরবর্তী সময়ে অভিষেকের পাঠানো চিঠি নিয়ে বৈঠকে বসেন মতুয়া মহাসংঘের প্রতিনিধিরা। সেখানে আলোচনা হয় শনিবার ফোন করে অনশনরত মতুয়াদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অভিষেক। ঠির তার পরদিন অভিষেক আবার চিঠি পাঠিয়েছেন। ফলে অভিষেকের প্রতি সম্মান জানিয়ে পদক্ষেপ করা উচিত। সেই সূত্রেই আজ বেলা ১২টার সময় আনুষ্ঠানিকভাবে অনশন কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করা হবে বলেই খবর।

Advertisement

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠি মতুয়া সংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের হাতে তুলে দেন রাজ্য মন্ত্রিসভার দুই সদস্য। অনশন মঞ্চ থেকেই সেই চিঠি পড়ে শোনান মমতা ঠাকুর। চিঠিতে বড়োমা বীণাপাণিদেবীর প্রতি প্রণাম জানিয়ে অনশনরত মতুয়াদের সুস্থতা কামনা করেছেন অভিষেক। মতুয়াদের এই অনশন সমর্থন করে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেন তিনি। চিঠিতে অনশন তুলে নিতে মতুয়াদের অনুরোধ করেন অভিষেক। অনশন তোলার বিষয়ে মতুয়া সংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, ‘অভিষেক চিঠি মারফত অনশন তুলে নিতে আবেদন করেছেন। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। তবে মতুয়াদের দাবি, মুখ্যমন্ত্রী একবার আসুন কিংবা প্রতিনিধি দল মারফত কিছু বার্তা দিন।’ অনশন মঞ্চ থেকেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার অন্ধ ও বধির। ওদের হৃদয় পাষাণ। কোনও মানবিক আবেদন ওদের কাছে পৌঁছোবে না।’ মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘মতুয়াদের অনশনে আমরা ব্যথিত।’ মতুয়াদের সম্পর্কে শান্তনু ঠাকুরের এক মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘মতুয়ারা ভুয়া হলে আপনিও ভুয়া সাংসদ।’ তৃণমূল নেতা তন্ময় ঘোষের কথায়, ‘মতুয়াদের পাশে আমরা সবসময় আছি। তাঁদের আন্দোলন আগামী দিনে কলকাতা ও দিল্লির রাজপথে পৌঁছোবে।’ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে মমতা ঠাকুর বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের জন্য যা করেছেন কোনও রাজনৈতিক দল তা করেনি। মতুয়ারা সবসময় মমতা-অভিষেকের পাশে থাকবেন।’ এদিনই শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া সংঘের তরফে নাটমন্দিরে মাইক বেঁধে এক অনুষ্ঠান করা হয়। এতে ক্ষুব্ধ মতুয়ারা।  অনশন মঞ্চে শশী পাঁজা ও স্নেহাশিস চক্রবর্তী। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ