নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, রবিবার শিয়ালদহ ডিভিশনে ১০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ফলে ছুটির দিনে কৃষ্ণনগর-রানাঘাট লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হবে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, মূলত রানাঘাট স্টেশনের ৪ নম্বর লাইনে সংস্কারের কাজ হবে। সেই সূত্রে ট্রেনগুলি বাতিল করা হয়েছে। শনিবার রাত ১১টা থেকে রবিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই কাজ চলবে। যার জেরে এই সময়ে ওই লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। বাতিল হওয়া ট্রেনগুলি হল, রানাঘাট-শান্তিপুর (আপ-ডাউন) – ৩১৭৮৫, ৩১৭৮১, ৩১৭৮৩, ৩১৭৮৮, ৩১৭৮২, ৩১৭৮৬। রানাঘাট-কৃষ্ণনগর (আপ-ডাউন) – ৩১৭২৩, ৩১৭২৫, ৩১৭২২, ৩১৭২৬। পাশাপাশি বনগাঁ-শান্তিপুর (৩৩৭৫২) লোকাল আজ শান্তিপুরের বদলে রানাঘাটে যাত্রা শেষ করবে। অন্যদিকে, শান্তিপুর-বনগাঁ (৩৩৭৫১) লোকাল ট্রেনটি আজ শান্তিপুরের পরিবর্তে রানাঘাট থেকে ছাড়বে। একইভাবে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে টানা আটদিন হয়রানির শিকার হতে চলেছেন যাত্রীরা। কারণ, আজ থেকে ২৭ জুলাই পর্যন্ত রেলের জরুরি কাজের জন্য ট্রেন পরিষেবা বিঘ্নিত হবে। যার মধ্যে আজ ও কাল এবং ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত বাতিল থাকবে আসানসোল-আদ্রা মেমু স্পেশাল (আপ-ডাউন) ৬৮০৪৬ এবং ৬৮০৪৫।



