এটিএমে টাকা তুলতে গ্রাহককে  সাহায্যের নামে প্রতারণা, ধৃত ৩
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এটিএমে টাকা তুলে দেওয়ার সাহায্যের অভিনয় করে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে চম্পট দিত প্রতারণা চক্রের সদস্যরা। সেই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করল বেলেঘাটা থানার পুলিশ। ধৃতদের নাম কিশোর হালদার, ভাস্কর সর্দার ও বাপন সর্দার। এই চক্রের আর এক পাণ্ডা বর্তমানে পলাতক। অভিযুক্তের খোঁজে সোনারপুর ও বারুইপুর এলাকায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতরা গ্রাহকের ‘বন্ধু’ সেজে এটিএমে ঢুকত। এরপর চোখের নিমেষে ডেবিট কার্ড বদলে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে চম্পট দিত। এই ঘটনা ঘটিয়ে দ্রুত এলাকা বদলে ফেলত এই চক্রের সদস্যরা। কলকাতা, হাওড়া ও শহরতলির বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে হানা দিত ওই চক্রের সদস্যরা। কিন্তু বেলেঘাটার একটি এটিএম কাউন্টারে এক গ্রাহকের কাছ থেকে ডেবিট কার্ড হাতানোর পর সেটি ব‌্যবহার করে নগদ ও গয়না কেনার পরই তাদের জারিজুরি ফাঁস হয়। সিসি ক্যামেরার ফুটেজ ও সোনার গয়নার দোকানের সূত্র ধরে অভিযুক্তদের হদিশ পায় পুলিশ। এর পরেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও রায়দিঘিতে তল্লাশি চালিয়ে তিন প্রতারককে গ্রেপ্তার করা হয়।