নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বীজপুরবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চালু হচ্ছে একটি অ্যাপ। যে অ্যাপের মাধ্যমে বীজপুরে সাধারণ মানুষ বিধায়ককে সবরকম সমস্যার কথা জানাতে পারবেন। কিউআর কোড স্ক্যান করলে মোবাইলে একটি পেজ খুলে যাবে। সেখানে বাসিন্দা কোথায় থাকেন, হালিশহর না কাঁচরাপাড়া, কোন ওয়ার্ডের বাসিন্দা, তা উল্লেখ করবেন। সেই সঙ্গে যে কোনো সমস্যার কথা জানাতে পারবেন।
সমস্যার মধ্যে সবথেকে গুরুত্ব দেওয়া হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে। সেই বিষয়টি বিধায়ক সুদীপ্ত দাস নিজে দেখবেন। মেডিকেল সংক্রান্ত সমস্যার কথা কেউ উল্লেখ করলে, সঙ্গে সঙ্গে তাঁর মোবাইলে বার্তা চলে আসবে। এবং তিনি সেই বাসিন্দার সঙ্গে কথা বলে সবরকম সহযোগিতার ব্যবস্থা করবেন। ৩০ নভেম্বর এই অ্যাপের উদ্বোধন হবে।
এছাড়াও বাড়ি বাড়ি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কারও যদি এই ধরনের সার্টিফিকেট লাগে, সুদীপ্ত দাসের অফিসে ফোন করে জানালে, অফিস থেকেই সেই বাসিন্দার বাড়িতে সার্টিফিকেট পৌঁছে যাবে। এর প্রধান উদ্দেশ্য হল, বাসিন্দাকে এর জন্য হয়রানি করতে হবে না। নাগরিক পরিষেবাকে সরাসরি মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছেন স্বয়ং বিধায়ক সুদীপ্ত দাস।
তিনি বলেন, আমরা ৩০ তারিখ যে অ্যাপ উদ্বোধন করছি। তার কিউআর কোড বাড়ি বাড়ি পৌঁছে দেব। ফেসবুক, ইনস্টাগ্রামসহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। অ্যাপে সমস্যার কথা উল্লেখ করার যে নির্দিষ্ট জায়গা থাকবে, সেখানে উল্লেখ করবেন। সমস্যা বুঝে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা, জঞ্জাল সহ পুর-পরিষেবা সংক্রান্ত যদি সমস্যা থাকে তার সমাধানের ক্ষেত্রে হালিশহর ও কাঁচরাপাড়া পুরসভা উদ্যোগ নেবে। আমার বিধানসভা কেন্দ্রের প্রত্যেক বাসিন্দার কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।



