বিজেপির পার্টি অফিসে হামলা বিরুদ্ধ গোষ্ঠীর, গ্রেপ্তার তিন, নির্বিচারে ভাঙচুর-মার
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলেঘাটার পর এবার পর্ণশ্রী। শহরে ফের শাসকদলের দুই গোষ্ঠীর কোন্দল। প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান চলাকালীন পার্টি অফিসে ঢুকে হামলার অভিযোগ উঠল। অভিযোগের তির বিজেপির অপর গোষ্ঠীর বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটে পর্ণশ্রী থানা এলাকার ১২৯ নম্বর ওয়ার্ডে। পার্টি অফিসে ভাঙচুর ও মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম রাজু নাথ, সুদীপ চক্রবর্তী ও বিশ্বজিৎ হাজরা।

Advertisement

সূত্রের খবর, ভোটের পর থেকেই ১২৯ নম্বর ওয়ার্ডে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে চাপানউতোর চলছিল। স্থানীয়দের দাবি, এলাকার দখল কে নেবে, তা নিয়েই এই ঠান্ডা লড়াই। এদিন সকালে ‘মন কি বাত’ অনুষ্ঠান চলছিল পার্টি অফিসের টিভির পর্দায়। এই অনুষ্ঠানের পর ১২৯ নম্বর ওয়ার্ডের ওই পার্টি অফিসে স্থানীয়ভাবে একটি বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ, অভিযুক্ত গোষ্ঠীকে সেখানে ডাকা হয়নি। ‘মন কি বাত’ অনুষ্ঠান চলাকালীন পার্টি অফিসে ঢুকে পড়েন জনা চারেক বিজেপি কর্মী। রাজুর নেতৃত্বেই তাঁরা ওই পার্টি অফিসে হামলা চালান বলে অভিযোগ। মারধর করা হয় পার্টি অফিসে থাকা বিজেপি কর্মী, সদস্যদের। একইসঙ্গে ভাঙচুর চালানো হয় চেয়ার, টেবিল সহ বিভিন্ন সামগ্রীর। অভিযুক্তদের দাবি, কেন তাঁদের দলীয় কর্মসূচিতে ডাকা হয়নি। তাঁরাও তো দলেরই সদস্য। এনিয়ে দু’পক্ষের মধ্যে ব্যাপক গণ্ডগোল বাঁধে। 
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পর্ণশ্রী থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করা হয় রাজু, সুদীপ ও বিশ্বজিৎকে। আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ভারতীয় ন্যায়সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই দু’দলের মধ্যে বচসা চলছিল। একপক্ষ দাবি করে, তারা বিজেপির একনিষ্ঠ সমর্থক। অপরপক্ষের দাবি, তাঁরাই আদি বিজেপি। এনিয়ে প্রায়শই এলাকায় দু’পক্ষের মধ্যে ঠান্ডা-গরম লড়াই চলতেই থাকে।