শিয়ালদহ আদালত চত্বরের বাইরে হকারদের দাপট, নানা মহলে ক্ষোভ
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ আদালত চত্বরের বাইরে যত্রতত্র হকারদের দাপটে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়েছে। এনিয়ে শহরের এই বহুতল আদালত ভবনে আসা মানুষজন ও বিচারপ্রার্থীরা ক্ষুব্ধ। অনেকেরই বক্তব্য, এই চত্বরে রয়েছে শিয়ালদহ মেইন ও দক্ষিণ শাখার রেল স্টেশন, মেট্রো স্টেশন, হাসপাতাল ছাড়াও একাধিক রুটের অটো স্ট্যান্ড। রয়েছে দোকানপাট, ভাতের হোটেল প্রভৃতি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই চত্বরে ভিড় লেগেই থাকে। ফলে শিয়ালদহের এই অংশ দিয়ে হাঁটাই দায় হয়ে উঠেছে। স্থানীয় মানুষজনের বক্তব্য, কলকাতার প্রাচীন এই কোর্ট ভবনের চারধারে দিনকে দিন যেভাবে হকারের সংখ্যা বাড়ছে, তাতে সেখান দিয়ে চলাফেরা করাই দায় হয়ে উঠেছে। পরিস্থিতি ক্রমশ জটিল আকার নিচ্ছে। অথচ এনিয়ে কোনও হেলদোল নেই কোনও তরফেই।

Advertisement

তার উপরে শিয়ালদহ আদালত চত্বরের বাইরে পড়ে নানা নোংরা, আবর্জনা। চট ও প্ল্যাস্টিক দিয়ে বাঁধা ও ডা‌ই করা হকারদের নানা মালপত্র। ওই চত্বরের চারধারে বিভিন্ন সামগ্রী নিয়ে একাধিক দোকানও রয়েছে। যতদিন বাড়ছে, হকারদের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শুধুমাত্র কোর্ট চত্বরের বাইরেই নয়, আদালত চত্বরের মূল গেটের বাইরেও বিভিন্ন সামগ্রী নিয়ে বসে গিয়েছেন হকাররা। কোনো নিয়মকানুন না মেনেই চলছে তাঁদের ব্যবসা। 
শিয়ালদহ আদালত ভবনে রয়েছে ফৌজদারির পাশাপাশি দেওয়ানি আদালতও। ফলে প্রতিদিন মামলার স্বার্থে এসে থাকেন বহু বিচারপ্রার্থী। তাঁদের বক্তব্য, যেভাবে কোর্ট চত্বরের বাইরে হকারি চলছে, তাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে পরিস্থিতি করুণ আকার নেবে। তাই এবিষয়ে দ্রুত পদক্ষেপ করা দরকার। 
অন্যদিকে, আইনজীবীদের একাংশের বক্তব্য, শিয়ালদহ আদালত চত্বরের বাইরের চারধার পরিষ্কার‑পরিচ্ছন্ন থাকলে সাধারণ মানুষ যেমন স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবেন, তেমনি আদালতে আসা বিচারপ্রার্থীদেরও সমস্যা কমবে।