প্রধানমন্ত্রী আবাস যোজনা (আরবান): বারুইপুর ও জয়নগর মজিলপুরে হয়নি শিবির, ৫ পুরসভায় নামমাত্র আবেদন
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্য জুড়েই রবিবার থেকে পুরসভা এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার (আরবান) আবেদনের জন্য শিবির শুরু হয়েছে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনা জেলায় সাতটি পুরসভার মধ্যে বারুইপুর এবং জয়নগর মজিলপুরে এদিন কোনো ক্যাম্প আরম্ভ হয়নি। সূত্রের খবর, আজ সোমবার থেকে সেখানে এটি চালু হওয়ার কথা।

Advertisement

জানা গিয়েছে, সদ্য বোর্ড ভেঙে যাওয়া বারুইপুর পুরসভায় ক্যাম্পের ব্যাপারে প্রস্তুতি হয়নি। তাই একদিন বাদে শুরু হচ্ছে শিবির। অন্যদিকে, জয়নগর মজিলপুর পুরসভার তরফে এই ব্যাপারে স্পষ্ট কারণ জানানো হয়নি।
এদিকে, প্রথম দিন জেলার বিভিন্ন পুরসভা এলাকায় খুব বেশি আবেদন জমা পড়েনি বলেই জানা গিয়েছে। এদিন রাজপুর সোনারপুর পুরসভায় ঘটা করে এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা করা হয়। তাতে সোনারপুর উত্তর ও দক্ষিণের বিজেপি বিধায়ক সহ পুরসভার আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিভিন্ন পুর অফিসে আয়োজিত ক্যাম্পে কার্যত মাছি তাড়াতে হয়েছে পুরকর্মীদের। কোথাও পাঁচজন, কোথাও দশজন করে আবেদনকারী এসেছেন। ডায়মন্ডহারবার পুরসভায় দু’টি জায়গায় ক্যাম্প করা হয়েছিল। সারাদিনে ৩০টির মতো আবেদন জমা পড়েছে বলে খবর। বজবজ পুজালি, মহেশতলাতেও কমবেশি একই হাল বলে জানা গিয়েছে। ওয়ার্ডে ওয়ার্ডে পর্যাপ্ত প্রচার না হওয়ার কারণেই এই পরিস্থিতি বলে অভিযোগ উঠেছে।  নিজস্ব চিত্র