নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিয়ো মুছে দেওয়ার ঘটনায় ক্ষমা চাইতে হবে স্বয়ং মার্ক জুকারবার্গকে। মেটা ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এমনই দাবি করলেন কমিটির প্রধান নিশিকান্ত দুবে। সোমবার সংসদীয় কমিটির বৈঠকে মেটা জানায়, ভুলবশত ওই ভিডিয়ো ডিলিট করা হয়েছিল। বিষয়টির জন্য ক্ষমাও চেয়েছে সংস্থাটি। যদিও কমিটির কয়েকজন সদস্য বলেছেন, বিষয়টি ক্ষমা চাওয়ার গণ্ডি পেরিয়ে গিয়েছে। সংস্থার কাছ থেকে জবাব চাওয়ার পাশাপাশি আইনি পদক্ষেপের দাবিও করেছেন তাঁরা।সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ নিয়ে এদিন মেটা, গুগল, ইউটিউবের মতো একাধিক সংস্থার সঙ্গে বৈঠকে বসেছিল তথ্যপ্রযুক্তি মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটি। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও তথ্যসম্প্রচার মন্ত্রকের আধিকারিকরাও। সূত্রের খবর, বৈঠকে এক বিজেপি সাংসদ প্রশ্ন করেন, ‘কেন প্রধানমন্ত্রীর ভিডিয়ো ডিলিট করা হল? কে ভিডিয়োটি ডিলিট করল? ফেসবুকে বহু আপত্তিকর কনটেন্ট রয়েছে। গোটা ঘটনার দায় কে নেবে?’ ওই বিজেপি সাংসদ আরও প্রশ্ন করেন, ‘যদি প্রধানমন্ত্রীর ভিডিয়ো এভাবে ডিলিট হয়ে যায়, তবে সাধারণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নিরাপত্তা কোথায়?’ পাশাপাশি শিশুদের যৌন হেনস্তা সংক্রান্ত ভিডিয়ো নিয়েও এদিন কড়া প্রশ্নের মুখে পড়ে মেটা।



