দীঘায় পর্যটকদের জন্য নয়া আকর্ষণ হতে চলেছে চিড়িয়াখানা ও সর্প উদ্যান, চিহ্নিত জমি পরিদর্শন
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: সৈকতশহর দীঘায় পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হতে চলেছে আধুনিক মানের চিড়িয়াখানা ও স্নেক পার্ক বা সর্প উদ্যান। কয়েকদিন আগে বনদপ্তরের প্রতিনিধিরা প্রস্তাবিত প্রকল্পের জমি পরিদর্শন করেছেন। নিউ দীঘায় ওড়িশা বর্ডারের কাছাকাছি দীঘাশ্রী কনভেনশন সেন্টারের উল্টোদিকে ঝাউবনে ওই জমি ঘুরে দেখেন তাঁরা। এর আগে বনদপ্তরের আধিকারিকরা ২০একর জমি খোঁজার নির্দেশ দিয়েছিলেন। সেইমতো কনভেনশন সেন্টারের বিপরীতে ২০একরের বেশি জমি চিহ্নিত করা হয়েছে। প্রাথমিক পরিদর্শনের পর আধিকারিকদের জমি পছন্দ হয়েছে বলে জানা গিয়েছে। এমনিতেই ঝাউবনে ঘেরা দত্তপুর মৌজার প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো। যা চিড়িয়াখানা গড়ার পক্ষে সহায়ক। এবার বনদপ্তরের চূড়ান্ত সম্মতি মিললেই এবিষয়ে ডিটেইল প্রজেক্ট রিপোর্ট জমা দেবে দীঘা-শংকরপুর উন্নয়ন সংস্থা(ডিএসডিএ)। 

Advertisement

গত ৯ নভেম্বর দীঘায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি অন্যান্য প্রকল্পের পাশাপাশি দীঘায় বন্ধ হওয়া স্নেক পার্ক ফের গড়ে তোলা, চিড়িয়াখানা গড়ার পক্ষে সওয়াল করেন এবং এব্যাপারে ডিএসডিএ’কে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন। তারপর ডিএসডিএ’র বোর্ড বৈঠকে এবিষয়ে আলোচনা এবং রাজ্য সরকারের কাছে লিখিত প্রস্তাব পাঠানো হয়। তার ভিত্তিতে বনদপ্তরের আধিকারিক ও প্রতিনিধি প্রস্তাবিত প্রকল্পের জায়গা পরিদর্শন করেছেন। 
উল্লেখ্য, দীঘায় জগন্নাথ মন্দির গড়ে ওঠার পর পর্যটক সমাগম ব্যাপক বেড়েছে। আর চিড়িয়াখানা থাকলে পর্যটকদের মনোরঞ্জনে ক্ষেত্রে নতুন সংযোজন হবে বলে মনে করছেন সকলেই। এটা তৈরি হলে বিভিন্ন পশু ও প্রাণীদের কাছ থেকে দেখার রোমাঞ্চ অনুভব করতে পারবেন পর্যটকরা। অন্যদিকে, দীঘায় অমরাবতী পার্কের অদূরে কাজলদিঘির পাড়ে অনেক আগেই স্নেক পার্ক তৈরি হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে সেই পার্ক বন্ধ হয়ে যায়। বর্তমানে স্নেক পার্কের জায়গায় সুসজ্জিত পার্ক ও টয় ট্রেনের পরিকাঠামো গড়ে উঠেছে। জানা গিয়েছে, স্নেক পার্কে বিভিন্ন প্রজাতির সাপ ও অন্যান্য সরীসৃপের সংরক্ষণ, গবেষণার সুযোগ থাকবে। পর্যটক সাধারণ মানুষজনের দেখার পাশাপাশি সাপ সম্পর্কে সচেতন করার পরিকাঠামো গড়ে তোলা হবে। ডিএসডিএ’র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রতীক অশোক ধুমল বলেন, একই জায়গায় চিড়িয়াখানা ও স্নেক পার্ক তৈরি হবে এবং বাকি কাজ ধীরে ধীরে এগবে। 
রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনেই এই পরিকল্পনা হয়েছে। চিড়িয়াখানার জমি চূড়ান্ত হলেও বিশেষজ্ঞদের পরামর্শ মেনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উপকূলের এই পরিবেশে বাঘ, সিংহ, হাতি, হরিণ, কুমীর, জলহস্তির মতো প্রাণী রাখা কতটা আদর্শ, তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের পরামর্শ চাওয়া হয়েছে। জানা গিয়েছে, চিড়িয়াখানা গড়ে তোলার ব্যাপারে সেন্ট্রাল জু অথরিটির অনুমোদন লাগে। বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়ার পর সেন্ট্রাল জু অথরিটির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। জেলা বনদপ্তরের এক আধিকারিক বলেন, বিষয়টি এখনও আলোচনার স্তরে রয়েছে। ঊর্ধ্বতন মহল থেকে যেভাবে নির্দেশ আসবে, সেইমতোই আমরা এগব। দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, পর্যটক আকর্ষণ বাড়াতে এখানে চিড়িয়াখানা গড়ে উঠলে খুবই ভালো হবে। দীঘায় অন্যান্য দ্রষ্টব্য স্থান থাকলেও চিড়িয়াখানার মতো দ্রষ্টব্য স্থানের অভাব বারবার অনুভূত হয়ে এসেছে। এখানে চিড়িয়াখানা ও স্নেক পার্ক হলে দীঘার পর্যটনের গুরুত্ব বাড়বে। শিশুসহ সব বয়সী পর্যটক এবং সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় হবে। দীঘার পর্যটনের মুকুটে আরও একটি পালক হিসাবে জুড়বে।