Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বৃষ্টির জল সংরক্ষণ করে ব্যবহার নতুন উদ্যোগ জেলা পরিষদের

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের উদ্যোগে জেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘জল ধর’ প্রকল্প চালু হচ্ছে।

বৃষ্টির জল সংরক্ষণ করে ব্যবহার নতুন উদ্যোগ জেলা পরিষদের
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের উদ্যোগে জেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘জল ধর’ প্রকল্প চালু হচ্ছে। মূলত, বৃষ্টির জল সংরক্ষণের পর তা পরিস্রুত করে ব্যবহার করা হবে। ইতিমধ্যেই এই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া চলছে। দ্রুত কাজ শুরু হবে।

Advertisement

উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে পানীয় জলের প্রচণ্ড সঙ্কট রয়েছে। গ্রীষ্মে তা তীব্রতর হয়। পাশাপাশি, জেলার সিংহভাগ নলকূপ বর্তমানে বেহাল অবস্থায়। ফলে বাইরে থেকে পানীয় জল কিনে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন হাজার হাজার বাসিন্দা। এছাড়া ভূগর্ভস্থ জলের স্তরও ক্রমশ নিম্নমুখী। এই আবহে বৃষ্টির জল সংরক্ষণের জন্য উদ্যোগী হল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ।
সাধারণত বৃষ্টির জল মাটিতে পড়ার পর তা চলে যায় অন্যত্র। কিন্তু জেলার ১৩টি স্কুল ও একটি কলেজে বৃষ্টির জল আর অন্যত্র যাবে না। এই প্রকল্পের মাধ্যমে তা সংরক্ষণ করা হবে। এরপর তা পরিস্রুত করে ফের সংরক্ষণ করা হবে স্কুল চত্বরেই। পরে তা ব্যবহার করতে পারবে পড়ুয়ারা। গাইঘাটা, হাবড়া থেকে বনগাঁর মোট ১৩টি স্কুলে এই প্রকল্প করা হচ্ছে। পাশাপাশি দেগঙ্গার বেড়াচাঁপা পলিটেকনিক কলেজেও বৃষ্টির জল সংরক্ষণ করে পরিস্রুত করা হবে।
বিষয়টি নিয়ে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহা বলেন, প্রাথমিকভাবে ১৩টি স্কুল ও একটি কলেজকে নিয়ে পাইলট প্রজেক্ট হিসেবে এই কাজ শুরু করছি। প্রতিটি স্কুলে এই প্রকল্পের জন্য খরচ হবে ৩৯ লক্ষ টাকা। আর কলেজে খরচ হবে ২৫ লক্ষ টাকা। মোট প্রায় সাড়ে পাঁচ কোটি টাকায় এই প্রকল্পের কাজ শুরু হবে। টেন্ডার প্রক্রিয়া চলছে। এর ফলে একদিকে ভূগর্ভস্থ জলের ব্যবহার কমানো যাবে। পাশপাশি বৃষ্টির জলের অপচয়ও কমবে।
জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, প্রাকৃতিক ভারসাম্যের কথা বিবেচনা করেই এই উদ্যোগ আমরা নিয়েছি। আগামী দিনে এই প্রকল্পের আওতায় থাকা স্কুল ও কলেজের সংখ্যাটা বৃদ্ধি করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ