সংবাদদাতা, আলিপুরদুয়ার: ২০২৪-’২৫ আর্থিক বছরে জেলাজুড়ে কৃষি সেচ ও সরঞ্জামের উন্নয়নে প্রায় ১৫ কোটি টাকার কাজ শুরু করল আলিপুরদুয়ার জেলা পরিষদ। সেচমন্ত্রী মানস ভুঁইয়াকে চিঠি দেওয়ার পরেই আলিপুরদুয়ার জেলায় ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই কাজে ঝাঁপিয়েছে পরিষদ।
মঙ্গলবার জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় স্থায়ী সমিতির গুরুত্বপূর্ণ বৈঠক হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) শান্তিরাম গড়াইও। বৈঠকের পর পরিষদের কৃষি, সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ অনুপ দাস বলেন, অসম সীমান্তে আলিপুরদুয়ার একটি প্রান্তিক জেলা। তাই এই জেলার কৃষিকাজে ব্যাপক উন্নয়নের টার্গেট নিয়েছি আমরা। সেচমন্ত্রীকে দু’বার চিঠি দিয়েছি।
অনুপবাবু বলেন, ২০২৪-’২৫ অর্থ বছরে জেলায় কৃষি সেচ ও সরঞ্জামের কাজে প্রায় ১৫ কোটি টাকার কাজ শুরু করা হয়েছে। আগামী বিধানসভা ভোটের আগেই এই কাজ শেষ করার উপর জোর দেওয়া হয়েছে।
পরিষদ সূত্রে জানা গিয়েছে, সেচের জন্য জেলায় ১০৯ টি সোলার অপারেটেড শ্যালো টিউবওয়েল ও ডাকওয়েল (বড় কুয়ো) বসানোর কাজ শুরু করা হয়েছে। এই ধরনের এক একটি শ্যালো টিউবওয়েল ও ডাকওয়েল থেকে ২০-২৫টি কৃষক পরিবার একসঙ্গে সেচের জল দিতে পারবে।
অন্যদিকে, জেলায় ১০টি রিভার লিফ্ট ইরিগেশন (আরএলআই) নির্মাণের কাজ শুরু করা হয়েছে। অনুপবাবুর কথায়, সেচের জন্য এক একটি আরএলআই থেকে ৪০০ বিঘা পর্যন্ত জমিতে সেচ দেওয়া যাবে। এদিকে, জেলা পরিষদ কুমারগ্রাম ব্লকের সঙ্কোশ বনবস্তি এলাকাতেও জলসেচের উপর জোর দিয়েছে। সেখানেও এই ধরনের জলসেচের বন্দোবস্ত করা হচ্ছে। আলিপুরদুয়ার-২ ব্লকের বেশ কয়েকটি বনবস্তি এলাকাতেও
সেচ ব্যবস্থার দিকে জোর দিয়েছে পরিষদ।