নিজস্ব প্রতিনিধ, সিউড়ি: প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে উপহার! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই হয়েছে। বুধবার বীরভূম জেলা পরিষদ চত্বরে প্রশাসনের তরফে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ইউনিট চালু করা হয়েছিল৷ নির্দিষ্ট ইউনিটে প্লাস্টিক বর্জ্য জমা দিলেই বিনিময়ে উপহার মিলেছে। বিভিন্ন দপ্তরের আধিকারিক থেকে শুরু করে কর্মী, নিরাপত্তা রক্ষী এমনকী গাড়ি চালকরাও সেখানে প্লাস্টিক বর্জ্য জমা করেছেন। বর্জ্যের বিনিময়ে কর্তৃপক্ষের তরফে সকলের হাতে চটের ব্যাগ উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে। প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে এহেন উপহার পেয়ে সকলেই আপ্লুত। তবে শুধু জেলা পরিষদ চত্বর নয়, প্রতিটি ব্লক সহ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতেও এই কর্মসূচি চলে। মূলত এদিনের এই কর্মসূচি থেকে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তোলার বার্তা দেওয়া হয়। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, প্লাস্টিক পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক। তার জন্যই জেলা পরিষদের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ প্লাস্টিক বর্জনে মানুষের উৎসাহ বাড়াতে উপহার দেওয়া হয়েছে।
আজ, বৃহস্পতিবার আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবস৷ প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে জেলা প্রশাসনের তরফে বিশেষ দিনটি পালিত হবে। মহম্মদবাজার পঞ্চায়েত সমিতির সহযোগিতায় প্যাটেলনগর কমিউনিটি হলে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন হবে৷ পদযাত্রার মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হবে। তার আগে এদিন জেলাজুড়ে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান ব্যাপকভাবে সাড়া ফেলেছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একদিনে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এরপর সেসব প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টে পাঠানো হবে। পরবর্তী ধাপে বর্জ্য প্লাস্টিক রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হবে। তবে, শুধুমাত্র বিশেষ দিনে নির্দিষ্ট কর্মসূচির মাধ্যমেই এই অভিযানের ইতি নয়। বছরভর জেলাজুড়ে নিয়মিত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ চলছে।
পরিবেশ দূষণ রোখার পাশাপাশি প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে প্রশাসনের তরফে নিয়মিত সচেতনতার কাজ জারি রয়েছে৷ যদিও সচেতনতার পাঠ চলাকালেও জেলার নানা প্রান্তে রমরমিয়ে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার চলছে। একাধিক সময় অভিযান চললেও তাতে খুব একটা সুফল মিলছে তেমনটা অবশ্য নয়। এই পরিস্থিতিতে জেলাজুড়ে নতুন করে প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জনের বার্তা দিয়ে গ্রামীণ এলাকার বাজারগুলিতে নিয়মিত প্রচার ও নজরদারির কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, প্লাস্টিকের ব্যবহার রুখতে ২৭ তারিখ থেকে একটানা কর্মসূচি শুরু হয়েছে। আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালনের মাধ্যমে বিশেষ এই কর্মসূচির সমাপ্তি হবে৷ নিজস্ব চিত্র