নিজস্ব প্রতিনিধি, বিধাননগর ও কলকাতা: ধর্ষণের চেষ্টা, যৌন হয়রানি, তোলাবাজি, মানব পাচারসহ তৃণমূল কংগ্রেস সরকারের দুই প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ব্রাত্য বসুর বিরুদ্ধে দায়ের হল জিরো এফআইআর। রাজীব সরকার নামে এক সমাজকর্মী ‘জিরো’ এফআইআর নথিভুক্ত করার দাবিতে বাগুইআটি থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। তার ভিত্তিতে মঙ্গলবার পুলিশ জিরো এফআইআর দায়ের করেছে। ৯টি ধারায় মামলা রুজু করা হয়েছে। ওই অভিযোগে দুই প্রাক্তন মন্ত্রী ছাড়াও একাধিক পদস্থ সরকারি আধিকারিক ও কর্মচারী মিলিয়ে আরও প্রায় ৩৮ জনের নাম রয়েছে। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে যুক্ত তিন মহিলার উপর কথিত শোষণ ও নির্যাতনের ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে ব্রাত্য বসুকে ফোন করা হলে তিনি বলেন, ‘তালিকাটা লম্বা। সবার প্রতিক্রিয়া নিন। তারপর আমি দেব’।
ওই অভিযোগে রাজীব সরকার দাবি করেছেন, কয়েকবছর ধরে সরকারি দপ্তর ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে এই অপরাধগুলি ঘটেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সল্টলেকের বিকাশ ভবন, রবীন্দ্রসদন, শিশিরমঞ্চ, নন্দন এবং পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির মতো প্রতিষ্ঠানে এই ঘটনাগুলি ঘটেছে।
অভিযোগের মধ্যে রয়েছে, বিকাশ ভবনের একটি প্রশাসনিক কক্ষে এক মহিলা কর্মীকে যৌন নির্যাতনের চেষ্টা করা হয়েছিল। জানা গিয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৭৩(১) ধারায় জিরো এফআইআর নথিভুক্ত করার আবেদন জানানো যায়। এই ধারায় কোনো আমলযোগ্য অপরাধের অভিযোগ উঠলে, ঘটনাটি যে থানা এলাকার মধ্যেই ঘটুক না কেন, যেকোনো থানায় এফআইআর নথিভুক্ত করা যায়। তাঁর অভিযোগ, তিনজন মহিলা এর আগে বেলঘরিয়া ও হেস্টিংস থানায় অভিযোগ জানাতে গেলেও তাঁদের অভিযোগের ভিত্তিতে কোনো এফআইআর নথিভুক্ত করা হয়নি। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট থানাগুলির পাশাপাশি বিধাননগর উত্তর থানায়ও এফআইআরের কপি পাঠানো হয়েছে। উল্লেখ্য, বিকাশ ভবনটি বিধাননগর উত্তর থানার অধীন।
প্রসঙ্গত, স্থায়ীকরণ এবং এজেন্সি প্রথার অবসানের দাবিতে এদিনই নিউটাউন কারিগরি ভবনে বেলা ১২টায় অভিযান করে এনএসকিউএফ। সেখানে ইন্দ্রনীল সেনের ফাঁসির দাবিতে পোস্টারও দেখা গিয়েছে।



