নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর: বেটিং অ্যাপ কাণ্ডে এবার ডাক পড়ল প্রাক্তন ক্রিকেট তারকা রবিন উথাপ্পা ও যুবরাজ সিংয়ের। ইডির তরফে তাঁদের কাছেও নোটিশ পাঠানো হয়েছে বলে খবরে প্রকাশ। সূত্রের খবর, একই দিনে দু’জনকে তলব করা হয়নি। আগামী ২২ সেপ্টেম্বর দিল্লিতে এজেন্সির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে উথাপ্পাকে। তার পরের দিন অর্থাৎ ২৩ সেপ্টেম্বর যুবরাজকে ডাকা হয়েছে। এর আগে ক্রিকেটার সুরেশ রায়না, শিখর ধাওয়ান সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।
দক্ষিণ ভারতের একটি ‘অবৈধ’ বেটিং অ্যাপের প্রচার ও বিজ্ঞাপনের কাজে যুক্ত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। ধরে ধরে তাঁদের তলব করেছে তদন্তকারী সংস্থা। অভিযোগ, এ ধরনের বেটিং অ্যাপ বেআইনি উপায়ে কোটি কোটি টাকা উপার্জন করেছে। তারকারা প্রচার করায়, সহজেই প্রতারিত হয়েছেন সাধারণ মানুষ। গত জুলাই মাসে বেটিং অ্যাপ মামলায় ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছিল ইডি। সেই তালিকায় বিজয় দেবেরাকোণ্ডা, রানা দগ্গুবতী, কপিল শর্মা, প্রকাশ রাজ সহ আরও অনেকে ছিলেন।