Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

যাত্রী থাকলেও বাস নেই! রুট চিহ্নিত করছে পরিবহণ দপ্তর

যাত্রী থাকলেও বাস নেই! রুট চিহ্নিত করছে পরিবহণ দপ্তর
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: যাত্রী আছে, বাসের দেখা নেই। এবারে সেই সমস্ত রুট চিহ্নিত করে বাড়তি বাস দেওয়ার উদ্যোগ নিল রাজ্য পরিবহণ দপ্তর। উত্তরবঙ্গের একাধিক জেলায় এমন রুট চিহ্নিত করে সেখানে বাসের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বাস মালিক সংগঠনগুলির সঙ্গে আলোচনা করে প্রাথমিক সমীক্ষার কাজ শুরু করেছে দপ্তর। সরকারি ও বেসরকারি দুই ধরনের বাসই রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। যাত্রী পরিষেবার ক্ষেত্রে এই উদ্যোগ অত্যন্ত কার্যকরী হবে বলে দাবি করেছেন পরিবহণ দপ্তরের আধিকারিকেরা। আজ, শুক্রবার আলিপুরদুয়ারে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও দপ্তরের সচিবের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। এই বৈঠকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলা পরিবহণ দপ্তরের আধিকারিকদের উপস্থিত থাকতে বলে হয়েছে। দার্জিলিং জেলা পরিবহণ দপ্তরও এই ধরনের রুট খোঁজার জন্য সমীক্ষার কাজ শুরু করেছে।
Advertisement
শিলিগুড়ির অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ আধিকারিক বিশ্বজিৎ দাস বলেন, আমরা ইতিমধ্যে এবিষয়ে একাধিক বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। কোথায় কোথায় বাড়তি বাসের প্রয়োজন তা জানাতে বলা হয়েছে। আমরা সেই মোতাবেক পদক্ষেপ করব।
উত্তরবঙ্গের একাধিক জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করলেও সেই রুটে সময়মতো গাড়ি পান না। মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং জেলার পার্বত্য ও সমতলের একাধিক এলাকাতেই এই ধরনের সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা। মূল শহর এলাকায় ঘনঘন বাস পরিষেবা পেয়ে থাকেন। কিন্তু শহর সংলগ্ন এলাকাগুলিতেও বাস ধরতে মূল রাস্তায় যেতেও সমস্যায় পড়েন। সেই সকল বিষয়কে সামনে রেখে উদ্যোগী হয়েছে পরিবহণ দপ্তর। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কয়েকলক্ষ যাত্রী এতে উপকৃত হবেন। 
দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র সরকারি গাড়ি নয়, যদি যাত্রীদের সুবিধার্থে বেসরকারি বাস প্রত্যন্ত রুটে চালাতে কেউ বা কোনও সংস্থা ইচ্ছে প্রকাশ করে, তাদেরকেও সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে সরকারি বিধি মেনে নির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে আবেদন করতে হবে। সেই আবেদন গ্রহণযোগ্য হলে দপ্তরের অনুমতি পেতে পারেন সংশ্লিষ্ট বেসরকারি বাসের মালিক। সবকিছু ঠিকঠাক চললে নিত্যযাত্রীরা শীঘ্রই বাসের সঙ্কট থেকে মুক্তি পাবেন।
সম্পর্কিত সংবাদ