Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার জেলা যুব তৃণমূল সভাপতি

কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শিক্ষক স্বপন বর্মন গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার জেলা যুব তৃণমূল সভাপতি
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শিক্ষক স্বপন বর্মন গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে পাড়ডুবি গ্রাম পঞ্চায়েতের হরিমন্দির এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হন স্বপন। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ। আদালত সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার স্বপন বর্মনকে মাথাভাঙা মহকুমা কোর্টে তোলা হলে বিচারক সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। স্বপনের নামে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা সহ মাথাভাঙার প্রাক্তন বিধায়ক সুশীল বর্মনের গাড়িতে হামলার অভিযোগ রয়েছে। যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে, স্বপন প্রতিহিংসার রাজনীতির শিকার। বিজেপি অবশ্য বলেছে, পুলিশ এতদিন নিজেদের কাজ করতে পারত না। এখন অভিযুক্তদের ধরছে। স্বপন বর্মন এলাকায় ত্রাস তৈরি করেছিল। তাই তাঁকে ধরেছে। 

Advertisement

স্বপন বর্মন একসময় বিজেপির দাপুটে নেতা ছিলেন। কয়েক বছর আগে তৃণমূলে যোগ দেন। দল তাঁকে যুব সংগঠনের জেলা সভাপতি করে। বরাবর লড়াকু স্বপন তৃণমূলের প্রথম সারিতে থেকে আন্দোলন করেছেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে কোচবিহারে এলে তাঁর কনভয়ে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় নাম জড়ায় স্বপনের। অপরদিকে, মাথাভাঙা প্রাক্তন বিধায়ক সুশীল বর্মনের গাড়ি ঘোকসাডাঙায় আটকে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ