নয়াদিল্লি: গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানার এক জনপ্রিয় ট্রাভেল ভ্লগারকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম জ্যোতি মালহোত্রা। ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় তিনি। শুধুমাত্র ইউটিউবে ফলোয়ার সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজারেরও বেশি। চলতি বছরের গোড়ার দিকে পাকিস্তানে বেড়াতে যাওয়ার বেশ কয়েকটি ভিডিও পোস্টও করেছিলেন জ্যোতি। পাক এজেন্টের কাছে জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত সংবেদনশীল নানা তথ্য পাচারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ওই একই অভিযোগে পুলিসের জালে আরও ছ’জন। তাঁদের মধ্যে এক পড়ুয়া ও একজন সিকিউরিটি গার্ড আছেন। এমনই জানানো হয়েছে পুলিসের তরফে।



