Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিভিক ভলান্টিয়ারের সঙ্গে ধস্তাধস্তিতে কাটল যুবকের হাতের আঙুল, উত্তেজনা

শনিবার সমুদ্রগড় স্টেশন চত্বরে সিভিক ভলান্টিয়ারের মারে এক যুবকের হাতের আঙুল কেটে যাওয়ার অভিযোগে উত্তাল হয় স্টেশন চত্বর। দোষী সিভিকের শাস্তির দাবিতে উত্তেজনা তৈরি হয়।

সিভিক ভলান্টিয়ারের সঙ্গে ধস্তাধস্তিতে কাটল যুবকের হাতের আঙুল, উত্তেজনা
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: শনিবার সমুদ্রগড় স্টেশন চত্বরে সিভিক ভলান্টিয়ারের মারে এক যুবকের হাতের আঙুল কেটে যাওয়ার অভিযোগে উত্তাল হয় স্টেশন চত্বর। দোষী সিভিকের শাস্তির দাবিতে উত্তেজনা তৈরি হয়। পুলিস ও জিআরপি এসে পরিস্থিতি সামাল দেয়। জখম যুবককে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিআরপি ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ স্টেশন চত্বরে বসে মোবাইল দেখছিল নসরৎপুর পঞ্চায়েতের ডাঙাপাড়ার যুবক আবদুল্লা শেখ। সেই সময় সিভিক ভলান্টিয়ার কী কারণে আবদুল্লা বসে আছে, কোথায় যাবে, জিজ্ঞাসাবাদ করে। তা নিয়ে দু’জনের মধ্যে বচসা হয়। এরপর সিভিক ভলান্টিয়ার যুবককে ওয়েটিংরুমের দিকে নিয়ে যায়। যুবক ওয়েটিং রুমে ঢুকতে রাজি না হওয়ায় পুরনো কলাপসিবল গেট চেপে ধরে। অভিযোগ, তখনই নাকি সিভিক ভলান্টিয়ার কিছু দিয়ে হাতে আঘাত করলে ডান হাতের একটি আঙুলের কিছুটা অংশ কেটে যায়। ঘটনায় স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের শাস্তির দাবি করতে থাকে। খবর পেয়ে নাদনঘাট থানার পুলিস ও জিআরপি ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। জখম যুবক আবদুল্লা শেখ বলেন, নবদ্বীপে যাব বলে স্টেশনে বসে ছিলাম। আমার কাছে টিকিট ছিল। তা সত্ত্বেও এক সিভিক এসে নানা রকম প্রশ্ন করতে করতে টেনেহিঁচড়ে ওয়েটিং রুমে ঢোকাচ্ছিল। আমি গেট ধরে থাকায় ও কিছু একটা দিয়ে আমার হাতে আঘাত করে। আমার একটি আঙুলের কিছুটা অংশ কেটে যায়। জিআরপির দাবি, যুবকের কাছে বৈধ টিকিট ছিল না। জিজ্ঞাসাবাদে অসহযোগিতা করে। যে টিকিট দেখানো হচ্ছে, তা ঘটনার অনেক পরে কাটা হয়েছে।  

Advertisement

হাওড়া জিআরপি ডিএসপি গোবিন্দ বিশ্বাস বলেন, সন্দেহজনক এক যুবককে ধরে ওয়েটিং রুমে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ওয়েটিং রুমের গেটের চাপে আঙুলের কিছুটা কেটে যায়। যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ