উত্তর হাওড়ায় বহুতলের ছাদে মদের আসরে গুলিবিদ্ধ যুবক, গ্রেপ্তার বন্ধু
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বহুতল আবাসনের ছাদে মাঝরাতে বসেছিল মদের আসর। সেখানে বন্ধুদের মধ্যে বচসা থেকে চলল গুলি। গুলিবিদ্ধ হলেন এক যুবক। এই ঘটনায় তাঁরই এক বন্ধুকে গ্রেপ্তার করেছে গোলাবাড়ি থানার পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটিও। মঙ্গলবার রাতে উত্তর হাওড়ার শৈলেন্দ্র বসু রোডের একটি বহুতলে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম যুবকের নাম কুশল জয়সওয়াল। ধৃতের নাম রোহিত চৌধুরী। রোহিতের ফ্ল্যাটেই সেদিন রাতে কুশল সহ কয়েকজন বন্ধু গিয়েছিলেন। পরে ওই বহুতলের ছাদে বসে মদ্যপানের আসর। সেই সময় কোনো বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। ক্রমে তা চরমে ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই আগ্নেয়াস্ত্র বের করে শূন্যে দু’রাউন্ড গুলি চালানো হয়। এর পরেই গুলিবিদ্ধ হন কুশল। তাঁর পায়ে গুলি লেগেছে। তাঁকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোলাবাড়ি থানার পুলিশ। যদিও পুলিশ পৌঁছানোর আগেই রোহিত ও কুশলের বাকি বন্ধুরা পালিয়ে যান। পরে রোহিতকে গ্রেপ্তার করে পুলিশ। কুশলের বয়ান রেকর্ড করা হয়েছে।
ধৃত রোহিতের দাবি, কুশল নিজেই গুলি চালিয়েছে। অসাবধানতাবশত বসতে যাওয়ার সময় তাঁর পায়ে গুলি লাগে। রোহিতের এই বক্তব্যের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। পলাতক যুবকদের খোঁজে তল্লাশি চলছে। কী নিয়ে বচসা হয়েছিল, সেখানে কারও জন্মদিনের অনুষ্ঠান চলছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। বহুতল ও সংলগ্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছেন তদন্তকারীরা। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পুর প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক উমেশ রাই। তিনি বলেন, এই ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সমস্ত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। কারও কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাওড়াকে সুরক্ষিত রাখতে পুলিশকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, কখনও এলাকা দখলের লড়াই, কখনও প্রোমোটিং নিয়ে শত্রুতা— উত্তর হাওড়ায় গুলি চালানোর ঘটনা এই প্রথম নয়। গত বিধানসভা নির্বাচনের আগে উত্তর হাওড়ার পিলখানায় দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের আমলে ফের উত্তর হাওড়ায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য মাথাচাড়া দিয়ে উঠেছে। যেকারণে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।