সংবাদদাতা, বিষ্ণুপুর: প্রেমের জালে ফাঁসিয়ে বেড়াতে যাওয়ার নাম করে এক কিশোরীকে জয়পুরের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে পাত্রসায়রের এক যুবকের বিরুদ্ধে। পরে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল করার ভয় দেখিয়ে কিশোরীর কাছ থেকে টাকা আদায়েরও অভিযোগ রয়েছে। পুলিশ শনিবার ওই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম ইসমাইল মিদ্যা। তার বাড়ি পাত্রসায়রের কাঁকড়াশোল গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁকড়াশোলের বাসিন্দা ইসমাইল চেন্নাইয়ে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে। তার সঙ্গে জয়পুর থানা এলাকার এক কিশোরীর সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়। পরে ইসমাইল ওই কিশোরীকে প্রেমের জালে ফাঁসায়। কিছুদিন আগে ইসমাইল চেন্নাই থেকে বাড়ি আসে। সে ওই কিশোরীর সঙ্গে দেখা করার চেষ্টা করে। কয়েকদিন আগে কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে জয়পুরের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো সে মোবাইলে তুলে রাখে। সেই ভিডিয়ো ভাইরাল করার ভয় দেখিয়ে টাকা দেওয়ার জন্য কিশোরীকে চাপ দেয়। আত্মসম্মানের ভয়ে কিশোরী কয়েক হাজার টাকা দিতে বাধ্য হয়। তারপর পুনরায় টাকা চায়। কিন্তু, কিশোরী আর টাকা জোগাড় করতে না পারায় মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে। মেয়ের এরকম পরিস্থিতি দেখে তার মা জিজ্ঞাসাবাদ করলে তখন সব ঘটনার কথা বলে দেয়। এরপরই পরিবারের তরফে জয়পুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ ইসমাইলকে গ্রেপ্তার করে।



