খড়গ্রামে পুলিশের উদ্যোগে ট্রাক্টর ও হারভেস্টরের শ্রমিকরা রাস্তায় মাটি পরিষ্কারে হাত লাগালেন
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: ট্রাক্টর ও কম্বাই‌ন হারভেস্টরের চাকায় ধানের জমির মাটি উঠে এসেছে রাস্তায়। ফলে যানবাহনের চাকা পিছলে দুর্ঘটনা লেগেই রয়েছে। এতে চরম ক্ষুব্ধ বাসিন্দারা। এই পরিস্থিতিতে শনিবার রাস্তায় জমে থাকা মাটি পরিষ্কারের উদ্যোগ নিল খড়গ্রাম থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে ট্রাক্টর ও হারভেস্টরের শ্রমিকরাই রাস্তা থেকে জমির মাটি তুলে ফেললেন। প্রসঙ্গত,  গতবছরও ধান কাটার মরশুমেই গোটা থানা এলাকার গ্রামীণ ও প্রধান রাস্তাগুলি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এলাকার বিভিন্ন রাস্তায় প্রতিদিন একাধিক দুর্ঘটনা লেগে ছিল। বাইক থেকে পড়ে জখম হয়েছিলেন অনেকেই। কাদামাখা রাস্তার ভোগান্তি কাটাতে কয়েকমাস পর্যন্ত লেগে গিয়েছিল বলে দাবি। এরপর এবছরও ধান কাটার মরশুম শুরু হতেই প্রায় একই অবস্থা তৈরি হয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি হয়েছে সাদল পঞ্চায়েত এলাকায়। সেখানকার গ্রামীণ রাস্তাগুলিতে পুরু এঁটেল মাটি জমে গিয়েছে বলে দাবি। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় বাইক চলাচল বন্ধ হয়ে পড়ে। সেকারণে শুক্রবার সাদল পঞ্চায়েত এলাকায় রাস্তা থেকে মাটি তুলে ফেলা হয়েছিল। শনিবার খড়গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তায় জমে থাকা মাটি তুলে ফেলা হচ্ছে। তবে অধিকাংশ ক্ষেত্রে রাস্তা থেকে মাটি তুলে ফেলার কাজ করছেন ধানের জমিতে ব্যবহৃত ট্রাক্টর ও হারভেস্টরের শ্রমিকরা। সাদল গ্রামের ট্রাক্টর শ্রমিক ইয়াজুল শেখ বলেন, আমাদের কারণেই রাস্তায় মাটি জমা হয়েছে মেনে নিচ্ছি। তাই নিজে থেকেই মানুষের সুবিধার্থে মাটি পরিষ্কার করছি।

Advertisement

লালবাগে পথের বলি ১: শনিবার দুপুরে বাজার সাহানগর এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দেবাশিস হাজরা(৩৭)। তাঁর বাড়ি মুর্শিদাবাদ থানার হাট লালবাগ এলাকায়।