পারুলিয়ায় ৩ অস্থায়ী কর্মীর  বেতন বন্ধের সুপারিশ বিডিওর, ভিবি-জিরামজি প্রকল্পে শ্রমিক সংকট
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: খড়গ্রামের পারুলিয়া পঞ্চায়েতে শ্রমিক সংকটের কারণে ভিবি-জিরামজি প্রকল্প থমকে রয়েছে। এবার ওই পঞ্চায়েতে অস্থায়ী কর্মীদের উপর প্রশাসনিক কোপ পড়ল। ‘দুর্বল কর্মদক্ষতা’র কারণ দেখিয়ে তিন অস্থায়ী কর্মীর বেতন বন্ধের জন্য জেলা প্রশাসনের কাছে সুপারিশ করেছেন খোদ বিডিও। এমন পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। ওই কর্মীদের দু’জন দাবি করেছেন, অস্থায়ী কর্মী বলেই তাঁদের উপর দোষ চাপানো হচ্ছে।

Advertisement

খড়গ্রামের বিডিও ডিকি শেরপা বলেন, দুর্বল কর্মদক্ষতার কারণে ওই তিন অস্থায়ী কর্মীর বেতন বন্ধের সুপারিশ করা হয়েছে। ওঁদের গাফিলতির কারণে এলাকায় প্রভাব পড়েছে। কিন্তু পঞ্চায়েতের প্রধান হাসমোতারা বেগম বলেন, এই প্রকল্পের মূল হোতা নির্মাণ সহায়ক। শো-কজ করা হলে পঞ্চায়েতের স্থায়ী কর্মীদেরই করা উচিত। কিন্তু, অস্থায়ী কর্মীদের উপর কোপ পড়ল। এবিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলা হবে।
প্রথমদিকে পারুলিয়া পঞ্চায়েতে ওই প্রকল্পে তিনটি কাজ শুরু হয়েছিল। অভিযোগ, শ্রমিকদের ১০০-১৫০টাকা করে মজুরি দেওয়া হয়েছিল। কম মজুরির কারণে অসন্তুষ্ট শ্রমিকরা এরপর ভিবি-জিরামজি প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নেন। ফলে শ্রমিকের অভাবে পারুলিয়ায় ওই প্রকল্পের কাজ করা যাচ্ছে না।
প্রকল্পের এমন দশার জন্য খড়গ্রামের বিডিও তিন অস্থায়ী কর্মীকে দুর্বল কর্মদক্ষতার কারণ দেখিয়ে গত ১৬নভেম্বর নোটিস ধরিয়েছিলেন। ওই তিন কর্মী ১৯নভেম্বর নোটিসের উত্তর দেন। কিন্তু সেই উত্তরে সন্তুষ্ট না হওয়ায় ২৫নভেম্বর বিডিও তাঁদের বেতন বন্ধের জন্য জেলাশাসকের কাছে সুপারিশ করেন।
ওই তিন কর্মী হলেন, পঞ্চায়েতের এসটিপি ইন্দ্রজিৎ মণ্ডল, ভিএলই মহম্মদ ইদার মোমিন ও জিআরএস অনুপকুমার দত্ত। এসটিপি’র কাজ প্রকল্পের জমি পরিমাপ করা। কাজের মাস্টার রোল তৈরি করা ভিএলই’র দায়িত্ব। জিআরএসের কাজ হল প্রকল্প এলাকায় জিও ট্যাগিং করে ছবি তুলে পাঠানো।
তাঁদের বেতন বন্ধের সুপারিশের চিঠিতে লেখা রয়েছে, নোটিসের জবাবে তাঁদের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক নয়। তাঁদের কর্মদক্ষতার অভাব খড়গ্রাম ব্লকের সামগ্রিক কাজের অগ্রগতিতেও প্রভাব ফেলছে। তাই অবিলম্বে তাঁদের মাসিক পারিশ্রমিক বন্ধের সুপারিশ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ভিএলই মহম্মদ ইদার মোমিন বলেন, অস্থায়ী কর্মী বলেই আমাদের উপর এত চাপ দেওয়া হচ্ছে। এই প্রকল্পের সঙ্গে পঞ্চায়েতের স্থায়ী কর্মী, প্রধান, এমনকি বিডিও সাহেব নিজেও জড়িত। অথচ আমাদের কাঁধে দোষ চাপিয়ে অমানবিকভাবে বেতন বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। আসলে অল্প মজুরির কারণে শ্রমিকরা আর কাজে আসতে চাইছেন না। পরোক্ষে শ্রমিক জোগাড়ের দায়িত্বও আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে।
এসটিপি ইন্দ্রজিৎ মণ্ডল বলেন, আমাদের কাজে গাফিলতি রয়েছে বলে মনে করি না। এটা ধান কাটার মরশুম। শ্রমিকরা এই প্রকল্পে অল্প মজুরিতে কাজ করতে চাইছেন না। সেকারণে প্রকল্পের কাজ আটকে গিয়েছে।