এনএইচ-৩১ সম্প্রসারণ সহ হবে একাধিক সেতু, তৈরি হচ্ছে ডিপিআর, ডুয়ার্সের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জোর
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নাগরাকাটা: যানজট সমস্যা মেটাতে বড়ো উদ্যোগ নিল পূর্তদপ্তর। মাটিয়ালি ব্লকের চালসা মোড় থেকে মালবাজার পর্যন্ত প্রায় ১০ কিমি রাস্তাকে ফোর লেন করা হবে। পুরনো এনএইচ-৩১ এর ৬২৪.২৫০ কিমি থেকে ৬৩৪.০০০ কিমি অংশকে বিভক্ত ক্যারেজওয়েতে পরিণত করা হবে। বর্তমানে এই অংশে রাস্তা ১০ মিটার চওড়া। কাজ শেষ হলে রাস্তা প্রশস্থ হবে, সেতু ও কালভার্টগুলিও চওড়া হবে। এই ১০ কিমির মধ্যে তিনটি ঝোরা ও তিনটি সেতুকে ফোর লেনের মতো সম্প্রসারণ করা হবে। 

Advertisement

অন্যদিকে, মালবাজার শহরের মধ্যে দিয়ে যাওয়া মাল পার্ক, পোস্ট অফিস ও গুরজনঝোরা মোড়ের তিনটি ঝোরা এবং মাল, নেওড়া ও কূর্তি নদীর ওপর মোট ছ’টি সেতুকে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। তবে এই প্রকল্পে মাল সেতু, জোড়া সেতু ও নেওড়া সেতু বাদ থাকবে বলে টেন্ডার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, এই সম্প্রসারণ হলে যেমন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা মজবুত হবে, তেমনই পর্যটন ব্যবসারও অনেকটা উন্নতি হবে। 
উল্লেখ্য, পূর্তদপ্তরের পক্ষ থেকে এই কাজের জন্য ডিপিআর বানানোর টেন্ডার ডাকা হয়েছে। যে এজেন্সি কাজটি পাবে, তাকে তিন মাসের মধ্যে ডিপিআর তৈরি করে জমা দিতে হবে। এই কাজের মধ্যে থাকবে সম্পূর্ণ জরিপ, ট্রাফিক সমীক্ষা, মাটি পরীক্ষা, সেতু ও কালভার্ট, রাস্তা ও পেভমেন্টের ডিজাইন, ড্রেনেজ ব্যবস্থা, ট্রাফিক সেফটি ও পরিবেশগত প্রভাব মূল্যায়ন। 
অন্যদিকে, সেভকের পেট্রল পাম্প থেকে কিছুটা দূরে ২.১ কিমি লম্বা দ্বিতীয় তিস্তা সেতু ও এলেনবাড়ি থেকে সেভক বাজার পর্যন্ত ৬.১ কিমি ছয় লেন রাস্তা করা হবে। তার টেন্ডার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, বর্তমানে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি হয়ে যে ফোর লেন তৈরি হয়েছে, সেই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলাচল করায় তারওপর অনেকটা চাপ বেড়ে গিয়েছে। আগামী দিনে চালসা থেকে বানারহাটের তেলিপাড়া পর্যন্ত ফোর লেন হয়ে গেলে শিলিগুড়ি-জলপাইগুড়ির রাস্তার ওপর চাপ কমে যাবে। দপ্তরের তরফে জানানো হয়েছে, কাজ শেষ হলে মালবাজার শহরে যান চলাচল অনেক সহজ হবে এবং দুর্ঘটনাও কমবে বলে আশা করা হচ্ছে।