সংবাদদাতা, হলদিয়া: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তৎপরতায় নতুন পেট্রকেমিকেল প্রকল্পের জন্য ১০০একর জমি পেল হলদিয়া আইওসি রিফাইনারি। আইওসিকে ওই জমি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শনিবার সাংবাদিকদের এই খবর জানিয়েছেন আইওসি রিফাইনারির এগজিকিউটিভ ডিরেক্টর সুশান্তকুমার দাস। তিনি বলেন, পেট্রকেমিকেল প্রকল্প ঘিরে আইওসির সম্প্রসারণের চেষ্টা চলছে। হলদিয়া বন্দরের কাছে নতুন প্রকল্পের জন্য ১৭৫একর জমি চাওয়া হয়েছিল। ওরা আপাতত ১০০একর জমি দেওয়ার সম্মতি দিয়েছে। এজন্য বোর্ডের অনুমোদন দরকার। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী হলদিয়া রিফাইনারি নিয়ে ওয়াকিবহাল। তাঁর নেতৃত্বে আইওসি পশ্চিমবঙ্গে কাজ করতে চায়। আইওসির ইডি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আগে রাজ্যে শিল্পনীতি ছিল না, এখন নতুন হয়েছে, এটাই সদর্থক পদক্ষেপ। রিফাইনারির কর্মীদের বিশ্বকর্মা পুজোয় এসে আইওসির প্রয়োজনীয় ১৭৫একর জমির ব্যাপারে রাজ্য সরকার সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর আশ্বাস দেওয়ার একমাসের মধ্যে বন্দর কর্তৃপক্ষ আইওসিকে ১০০ একর জমি দিতে সম্মত হয়। ওই জমি আইওসি রিফাইনারি লাগোয়া পুরনো হিন্দুস্তান ফার্টিলাইজার কারখানার।
মুখ্যমন্ত্রী আইওসির ওই জমি সংগ্রহের জন্য কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যানকে নবান্নে ডেকে মিটিং করেন। জমি দেওয়ার ব্যাপারে সামগ্রিক স্বার্থে আইওসির মতো প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিতে বলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, আইওসি নতুন পেট্রকেম প্রকল্পের জন্য গত ১০বছর ধরে রাজ্য সরকার ও বন্দর কর্তৃপক্ষের কাছে জমি চাইছে। রিফাইনারির পাশেই বন্ধ সার কারখানার ১৭৫ একর জমি রয়েছে। সার কারখানার লিজ শেষ হওয়ার পর ওই জমি ফেরত পায় বন্দর কর্তৃপক্ষ। কিন্তু, একাধিকবার চেষ্টা করেও আইওসি ওই জমি পায়নি। শেষে এইচডিএর কাছে জমির আবেদন করে প্রায় পাঁচ বছর আগে। কিন্তু এইচডিএ মাত্র ৮৫ একর জমি দিতে রাজি হয়। পাঁচ বছর ধরে সেই জমির প্রস্তাবও আটকে থাকে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরেই আইওসির জমিজট খুলেছে। জমি দিতে রাজি হয়েছে বন্দর কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আগামী দিনে আইওসি হলদিয়ায় বড় আকারে পেট্রকেম প্রকল্প গড়তে পারে। আইওসির নিজস্ব ন্যাপথাকে তারা পেট্রকেমের কাজে লাগাতে পারবে। এদিন আইওসি মূলত ম্যারাথন দৌড়ের জন্য সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল। আইওসি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১০জানুয়ারি আইওসির উদ্যোগে হলদিয়া হাইপার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হচ্ছে। ৫, ১০ এবং ২২ কিলোমিটার তিনটি ক্যাটাগরিতে ওই ম্যারাথন হবে। প্রায় ৫ হাজার মানুষ শিল্পশহরজুড়ে ওই ম্যারাথনে অংশ নেবে।



