


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল। নাম সাগর দাস (২২)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মৃত যুবকের বন্ধু। শনিবার বিকেলে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা মেরে বাইকে থাকা দুই যুবক ছিটকে উল্টো দিকের লেনে গিয়ে পড়েন। ঘটনাটি ঘটেছে রহড়া থানা এলাকার রুইয়া বকুলতলা এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর। মৃতের বাড়ি হুগলির বাঁশবেড়িয়া। আহত যুবকের নাম শুভদীপ মুখোপাধ্যায়। তারও বাড়ি একই এলাকায়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, দুজনই নিউবারাকপুর বোদাই শিল্পতালুকে একটি কারখানায় কাজ করেন। এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ ওই দুই যুবক বাইকে চেপে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোদপুর মুড়াগাছার দিক থেকে বারাকপুরের ওয়্যারলেস মোড়ের দিকে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাইকটি অত্যন্ত দ্রুত গতিতে ছিল। রুইয়া বকুলতলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি এক্সপ্রেসওয়ের মাঝখানের ডিভাইডারে ধাক্কা মারে। বাইকে থাকা ওই দুই যুবক ছিটকে গিয়ে উল্টো দিকের লেনে পড়েন। দু’জনই মাথায় চোট পান। ঘটনাস্থলে মৃত্যু হয় সাগরের। ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানা ও সোদপুর ট্রাফিক পুলিসের কর্তারা। ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সহযোগিতায় তড়িঘড়ি দু’জনকে উদ্ধার করে বন্দিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে সাগরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে, শুভদীপের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বারাকপুর বিএনবসু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিস বাইকটিকে উদ্ধার করে নিয়ে যায়। বারাকপুর ট্রাফিক পুলিসের এক কর্তার কথায়, জোরে গাড়ি চালানো নিয়ে লাগাতার মানুষকে সচেতন করা হচ্ছে। তারপরও একদল যুবক বেপরোয়াভাবে গাড়ি, বাইক চালাচ্ছে। তারই ফলস্বরূপ দুর্ঘটনা।