Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

বেপরোয়া গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু, অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত

ঘটনার পাঁচদিনের মাথায় সেভক রোডের দুর্ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দেবাংশু পাল চৌধুরী। তার বাড়ি সেভক রোডেই। শহরের সেভক রোডের একটি পেট্রল পাম্পের মালিকের ছেলে সে।

বেপরোয়া গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু, অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ঘটনার পাঁচদিনের মাথায় সেভক রোডের দুর্ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দেবাংশু পাল চৌধুরী। তার বাড়ি সেভক রোডেই। শহরের সেভক রোডের একটি পেট্রল পাম্পের মালিকের ছেলে সে। 

Advertisement

গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টা নাগাদ সেভক রোডের এলআইসি বিল্ডিং সংলগ্ন এলাকা দিয়ে পানিট্যাঙ্কির বাসিন্দা শঙ্কর ছেত্রী ও তাঁর বান্ধবী যাচ্ছিলেন। আচমকা দ্রুতগতির একটি গাড়ি তাঁদের পিছনে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। তবে মারাত্মকভাবে জখম হন যুবতী। ঘটনার পর থেকেই শিলিগুড়িতে এই ঘটনা নিয়ে ক্ষোভ তৈরি হয়। এদিকে, সিসি ক্যামেরার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও অভিযুক্ত ধরা না পড়ায় শহরবাসীর মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়। শিলিগুড়ির বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন সংগঠন ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তারের দাবিতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করেন। 
ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গাড়ির খোঁজে নামে পুলিশ। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই গা ঢাকা দেয় অভিযুক্ত। এমনকী দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি শোরুমে পাঠিয়ে সেটির ভোল বদলে দেওয়ার পরিকল্পনও করে। পুলিশ তার নেটওয়ার্ককে কাজে লাগিয়ে গাড়িটি চিহ্নিত করে। সোমবার সকালে শোরুম থেকে গাড়িটি নিজেদের হেপাজতে নেন তদন্তকারী পুলিশ অফিসাররা। এরপরেই অভিযুক্তকে পাকাড়াও করে। তাকে জেরা করতেই অপরাধ স্বীকার করে অভিযুক্ত। গ্রেপ্তার করা হয় তাকে। 
পুলিশ জানিয়েছে, জেরার মুখে অভিযুক্ত জানায় সে অতিরিক্ত মদ্যপান করে গাড়ি চালাচ্ছিল ওই রাতে। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিল। তবে থানায় গিয়ে আত্মসমর্পন করার সাহস পাচ্ছিল না। ঘটনার খবর সংবাদমাধ্যমে আসতেই আরও ভয় পেয়ে যায়। গাড়ি মেরামত করার জন্য শোরুমে পাঠায়। 
এদিকে, অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়ে এদিনও বিকেলে শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখায় একটি সংগঠন। ধৃতে পরিবার শহরে প্রভাবশালী। তাই কোনোভাবেই যাতে অভিযুক্ত ছাড়া না পায় তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানান ওই সংগঠনের সদস্যরা। 
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি (ট্রাফিক) কাজী সামসুদ্দিন আহমেদ বলেন, অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ