Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিপুরে মেয়ের প্রেমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে পিটুনি

যেন নব্বই দশকের বাংলা সিনেমার রেপ্লিকা! মেয়ের সঙ্গে প্রেম ঘনিষ্ঠতা। সেটা ঠেকাতে পর্দায় আর্বিভাব প্রভাবশালী বাবার।

শান্তিপুরে মেয়ের প্রেমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে পিটুনি
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: যেন নব্বই দশকের বাংলা সিনেমার রেপ্লিকা! মেয়ের সঙ্গে প্রেম ঘনিষ্ঠতা। সেটা ঠেকাতে পর্দায় আর্বিভাব প্রভাবশালী বাবার। তা নিয়ে ছবির ক্লাইমেক্স এগতে থাকে। শেষে হয়, মেয়ের প্রেমের কাছে বাবার আত্মসমর্পণ নতুবা মেয়ের প্রেমিককে মারধর করে বাবা শ্রীঘরে। শান্তিপুরে ঘটল ঠিক দ্বিতীয়টাই। মেয়ের প্রেমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে জেলে গেলেন ‘বাহুবলী’ বাবা। গুরুতর জখম ওই পরীক্ষার্থীকে তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসা চলছে। অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। 

Advertisement

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শান্তিপুর থানা এলাকার সুত্রাগড়ের বাসিন্দা। অভিযুক্ত প্রেমিকার বাবা শান্তিপুরেরই ঘোড়ালিয়া এলাকায় বসবাস করেন। পড়াশোনার সূত্রে অভিযুক্তের মেয়ের সঙ্গে আক্রান্ত যুবকের বন্ধুত্ব গড়ে ওঠে। ক্রমেই দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। বিষয়টি জানতে পেরে যান মেয়ের বাবা। অভিযোগ, রবিবার সন্ধ্যায় কথা বলার নাম করে ওই পরীক্ষার্থীকে বাড়িতে ডেকে পাঠান তিনি। যেতেই কথাবার্তার বদলে তাঁকে বেদম মারধর করা হয়। লোহার রড দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। মাথা ফেটে যায় ওই পরীক্ষার্থীর। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যান শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই আক্রান্ত কিশোরের চিকিৎসা শুরু হয়। মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। অভিযোগ, ওই ব্যক্তি আক্রান্ত পড়ুয়াকে নাকি হুমকিও দেন, পুলিসের দ্বারস্থ হলে আবার মারধর করা হবে। বিষয়টি জানাজানি হবার পর ক্ষোভে ফেটে পড়েন আক্রান্ত পড়ুয়ার পরিজনরা। ওই ছাত্রের বাবা লিখিত অভিযোগ দায়ের করেন শান্তিপুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে শান্তিপুর থানার পুলিস অভিযুক্ত ব্যক্তিকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে খুনের চেষ্টা সহ ভারতীয় ন্যায় সংহিতার একগুচ্ছ ধারায় মামলা রুজু করা হয়েছে। রানাঘাট জেলা পুলিসের এসডিপিও সবিতা গটিয়াল বলেন, ব্যক্তিগত শত্রুতার কারণে অভিযুক্ত ব্যক্তি ওই পড়ুয়াকে মারধর করেছে বলে জানতে পেরেছি। আমরা ঘটনার তদন্ত করছি। নির্দিষ্ট ধারায় মামলার রুজ করা হয়েছে। এদিকে, আগামী পরশুদিন পরীক্ষা রয়েছে আক্রান্ত ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। তিনি কীভাবে পরীক্ষায় বসবেন, তা নিয়ে উদ্বেগে তাঁর পরিজনরা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ