সংবাদদাতা, ইটাহার: ইটাহার ব্লকের বিহার সীমানা লাগোয়া পাড়া হরিপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক। ধৃতের নাম তাপস দাস। তার বাড়ি খরস্রোতা এলাকায়। ধৃতের কাছ থেকে একটি কার্তুজ বিহীন আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। শুক্রবার রাতে পাড়া হরিপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিস আটক করে। যুবকের কথায় অসঙ্গতি পেয়ে পুলিসের সন্দেহ হয়। তল্লাশি চালাতেই বছর বাইশের এই যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল। শনিবার ধৃতকে আদালতে তুলে তিন দিনের হেফাজতে নিয়েছে ইটাহার থানার পুলিস।
অল্প বয়সি ওই যুবক কোথা থেকে আগ্নেয়াস্ত্র জোগাড় করল, তা খতিয়ে দেখছে পুলিস। আগ্নেয়াস্ত্রটি বিক্রির উদ্দেশ্য ছিল নাকি কোনও অপরাধ মূলক কাজের চক্রান্ত ছিল, সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিস। গত দেড় মাসে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় কিছুটা চিন্তা বেড়েছে পুলিস মহলে। এরই মাঝে ইটাহারে বিহার লাগোয়া সীমানা থেকে যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হল।
সুরুন ১ গ্রাম পঞ্চায়েতের পাড়া হরিপুর থেকে প্রায় ২ কিমি দূরে মহানন্দা নদী। নদীর ওপারেই বিহার। জলপথে বিহারের সঙ্গে ইটাহারের যোগাযোগ অবাধ। বিগত দিনেও এই জেলায় ঘটে যাওয়া একাধিক অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে বিহার যোগ সামনে এসেছে। চোরাপথে পুলিসি নজরদারি এড়িয়ে বিহার থেকে আগ্নেয়াস্ত্র এই জেলায় ঢুকছে কি না, সেই সন্দেহও উড়িয়ে দিচ্ছে না পুলিস। তবে পুলিস ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।