Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লেডিজ হ্যান্ডব্যাগের আড়ালে গাঁজা পাচার, রামপুরহাটে বেসরকারি বাস থেকে গ্রেপ্তার যুবক

মহিলাদের রঙিন হ্যান্ডব্যাগের বান্ডিলের আড়ালে পাচার করা হচ্ছিল গাঁজা। যদিও শেষরক্ষা হল না। নলহাটি থানার পুলিসের হাতে সাড়ে একুশ কেজি গাঁজা সহ ধরা পড়ল ঝাড়খণ্ডের যুবক।

লেডিজ হ্যান্ডব্যাগের আড়ালে গাঁজা পাচার, রামপুরহাটে বেসরকারি বাস থেকে গ্রেপ্তার যুবক
  • ২ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: মহিলাদের রঙিন হ্যান্ডব্যাগের বান্ডিলের আড়ালে পাচার করা হচ্ছিল গাঁজা। যদিও শেষরক্ষা হল না। নলহাটি থানার পুলিসের হাতে সাড়ে একুশ কেজি গাঁজা সহ ধরা পড়ল ঝাড়খণ্ডের যুবক। মঙ্গলবার সকালে রানিগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের নলহাটির ব্রাহ্মণী নদীর ব্রিজের কাছে ঝাড়খণ্ডের দুমকাগামী বাসে অভিযান চালিয়ে এই সাফল্য মিলেছে বলে পুলিসের দাবি।  

Advertisement

পুলিসি তৎপরতার মোকাবিলা করতে গাঁজা পাচারকারীরা নতুন নতুন কৌশল উদ্ভাবন করছে। গত ১৪ মে শিলিগুড়ি থেকে সিউড়িগামী সরকারি দুরপাল্লার বাসে পাপোষের মধ্যে লুকিয়ে গাঁজা পাচার করা হচ্ছিল। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিস বাসটিকে আটকে পাপোষের বান্ডিল কেটে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় নকশালবাড়ি থানা এলাকার বাসিন্দা সৌরভ দাস ও বগটুই গ্রামের ইসমাইল মহম্মদ নামে দুই যুবককে। 
অন্যদিকে গত ২০ জুন পিকআপ ভ্যানে ফলের ট্রের মধ্যে করে নিয়ে আসা হচ্ছিল গাঁজা। রামপুরহাট থানার পুলিস জাতীয় সড়কে ওত পেতে পিকআপ ভ্যানটিকে আটকে ২৮ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করে। ধৃতেরা হল মুর্শিদাবাদের লালবাগের সঞ্জয় হালদার ও বিহারের ভোজপুরের বাসিন্দা টিঙ্কু কুমার সিং। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা রামপুরহাটের ১৭ নম্বর ওয়ার্ডের মীর মোশারফ ওরফে মিলন নামে এক ডিলারকেও গ্রেপ্তার করে। 
এবার বেসরকারি বাসে মহিলাদের হ্যান্ডব্যাগের বান্ডিলের আড়ালে ঝাড়খণ্ডে পাচার হচ্ছিল গাঁজা। নলহাটি থানার পুলিস জানিয়েছে, বেরসকারি ওই বাসটি মুর্শিদাবাদের বহরমপুর থেকে রামপুরহাট হয়ে ঝাড়খণ্ডের দুমকা যাচ্ছিল। সূত্র মারফত খবর, রামপুরহাটের এসডিপিওর গোবিন্দ শিকদারের কাছে খবর আসে ওই বাসে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হচ্ছে। সেই মতো এসডিপিও ও অতিরিক্ত পুলিস সুপার নলহাটি থানার ফোর্স নিয়ে জাতীয় সড়কের ব্রাহ্মণী নদীর ব্রিজের কাছে বাসটির জন্য অপেক্ষা করতে থাকেন। বাসটি আসতেই দাঁড় করিয়ে তল্লাশি শুরু হয়। বাসটির পিছনে দিকে মহিলাদের হ্যান্ডব্যাগের বান্ডিল নিয়ে একজন বসেছিল। সন্দেহ হওয়ায় ব্যাগগুলি একে একে খুলতেই পুলিসের চোখ কপালে ওঠে। তাঁরা দেখেন, ব্যাগের মাঝে মাঝে অল্প করে গাঁজা রাখা রয়েছে। গাঁজার গন্ধ যাতে বেরিয়ে না আসে সেজন্য মোটা পলিথিন দিয়ে ব্যাগের বান্ডিল মুড়ে দিয়েছিল। এরপরই পুলিস ওই যুবককে গ্রেপ্তার করে। 
পুলিস জানিয়েছে, ধৃতের নাম নিরোজ শেখ। বাড়ি ঝাড়খণ্ডের শিকারিপাড়া থানার বেনেগড়িয়া গ্রামে। একটি সূত্র জানায়, পুলিসি অভিযানের মুখে গাঁজা পাচারে কিছুটা লাগাম পড়েছে। তবে সম্প্রতি পাচারকারীরা নতুন নতুন পদ্ধতিতে পাচার শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিস জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে জেরা করে এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না তা জানার চেষ্টা চলছে। 
অন্যদিকে সোমবার রাতে নলহাটির লোহাপুরে একটি অবৈধ মদের দোকানে হানা দেয় পুলিস। উদ্ধার হয় ৭১ লিটার বিদেশি ও ৬০ লিটার দেশি মদ। গ্রেপ্তার করা হয় সন্দীপ কোনাই নামে এক ব্যক্তিকে। তার বাড়ি লাগোয়া আশুরিয়া গ্রামে। পুলিস জানিয়েছে, ধৃত ব্যক্তি অবৈধভাবে মদ মজুত করে বিক্রি করছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ