নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: স্কুল থেকে বাড়ি ফেরার সময় নাবালিকাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শালবনী থানার পুলিস। ধৃতের নাম সনাতন হাঁসদা। তার বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার স্কুলে গিয়েছিল বছর ১৬-র ওই নাবালিকা। স্কুল ছুটি হওয়ার পর সে একাই বাড়ি ফিরছিল। সেই সময় রাস্তায় দাঁড়িয়েছিল সনাতন। অভিযোগ, সে ওই নাবালিকাকে জোর করে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। জানা গিয়েছে, বাড়ি ফিরে ভয়ে প্রথমে কিছুই বলতে চায়নি নাবালিকা। পরে সে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। নাবালিকার মা শালবনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস দ্রুত সনাতনকে গ্রেপ্তার করে। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা অভিযুক্তের কঠোর শাস্তি চাই। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।



