Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অমৃতসরে প্রতারণা, উত্তরপাড়া থেকে গ্রেপ্তার অভিযুক্ত যুবক

ইনস্টাগ্রামে তরুণীর সঙ্গে পরিচয় হয়েছিল সাইবার জালিয়াতদের। নিয়মিত কথাবার্তা হতো দু’পক্ষের

অমৃতসরে প্রতারণা, উত্তরপাড়া  থেকে গ্রেপ্তার অভিযুক্ত যুবক
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইনস্টাগ্রামে তরুণীর সঙ্গে পরিচয় হয়েছিল সাইবার জালিয়াতদের। নিয়মিত কথাবার্তা হতো দু’পক্ষের। কথায় কথায় প্রতারকরা জানতে পারে, মহিলার কেকের ব্যবসা রয়েছে। তারা একথা শোনার পর ওই তরুণীকে বলে, তাদের সঙ্গে বড় বড় ব্যবসায়ীর যোগাযোগ রয়েছে। তাঁর ব্যবসাকে তারা দাঁড় করিয়ে দেবে। এমনকী, তাঁর কোম্পানি আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। আসলে এটা সাইবার প্রতারকদের টোপ, বুঝতে পারেননি তরুণী। ওই ফাঁদে পড়ে ৫৮ লক্ষ টাকা খুইয়েছেন অমৃতসরের ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে হুগলির উত্তরপাড়ায় এসে অনুভব সিং নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছেন পাঞ্জাব পুলিসের সাইবার ক্রাইম থানার অফিসাররা।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর সঙ্গে জালিয়াতদের পরিচয় হয় ২০২৪ মাঝামাঝি সময়ে। ইনস্টাগ্রামে তরুণীর প্রোফাইল দেখে তাঁকে ফলো করতে শুরু করে প্রতারকরা। প্রথমে ইনস্টাগ্রামে কথা চললেও পরে মোবাইল নম্বর আদানপ্রদান হয়। এরপর জমে ওঠে আলাপ। একদিন হঠাৎই অনুভব ওই তরুণীকে ফোন করে বলে, জরুরি প্রয়োজনে তার ২৫ হাজার টাকা লাগবে। তার কথায় বিশ্বাস করে টাকা পাঠাতে রাজি হন তরুণী। সঙ্গে সঙ্গে অনুভব একটি লিঙ্ক পাঠিয়ে সেখানে দেওয়া অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলে। ওই অ্যাকাউন্টে টাকা জমা করার কয়েক ঘণ্টার মধ্যেই তরুণীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৫৮ লক্ষ টাকা। সাইবার জালিয়াতদের পাল্লায় পড়েছেন বুঝেই অভিযোগ করেন স্থানীয় থানায়। যে মোবাইল থেকে কথা বলত অভিযুক্তরা, তার নম্বর দেখে পুলিস জানতে পারে সিমটি বেঙ্গল সার্কেলের। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি চলছে এই রাজ্যের সিম ব্যবহার করেই। সিমের সূত্র ধরে জানা যায়, অভিযুক্ত অনুভবের লোকেশন হুগলির উত্তরপাড়ায়। এরপর পুলিস বৃহস্পতিবার সেখানে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে জেরা করে পুলিস জেনেছে, উত্তরপাড়ায় বসেই সে ভিন রাজ্যের যুবক-যুবতীদের সঙ্গে প্রতারণা করত। এই কায়দায় কয়েক কোটি টাকা হাতিয়েছে। এ রাজ্যের বিভিন্ন মিউল অ্যাকাউন্টে জমা পড়ত টাকা। ওই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ