নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের ১০০ দিন পূর্তির আবহেই এবার রাখি পূর্ণিমা। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছে বঙ্গ বিজেপি। সেই কর্মসূচিরই অংশ হিসেবে কলকাতার রাসবিহারী বিধানসভা এলাকার গড়িয়াহাট মোড়ে বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে পালিত হল রাখি বন্ধন উৎসব।
আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এদিন মহিলা মোর্চার সদস্যরা অর্থমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও রাখির বন্ধনে সামিল হন অগ্নিমিত্রা পাল। গড়িয়াহাট মোড় দিয়ে যাতায়াতকারী পথচারী থেকে শুরু করে গাড়িচালক সকলের হাতেই রাখি পরিয়ে দেন তিনি। ফুটপাথে থাকা মানুষজনকেও বাদ দেননি মন্ত্রী। বিশেষ করে সেখানে থাকা শিশুদের হাতে রাখি পরানোর পাশাপাশি তুলে দেওয়া হয় বর্ণপরিচয় এবং পড়াশোনার সামগ্রী। কর্মসূচিতে নজর কাড়ে পুলিশের সঙ্গে মন্ত্রীর রাখি বন্ধনের দৃশ্যও। রাস্তায় কর্তব্যরত পুলিশ অফিসার ও কনস্টেবলদের হাতে রাখি পরিয়ে দেন অগ্নিমিত্রা পাল। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিরোধী আসনে থাকার সময় পুলিশের ভূমিকা নিয়ে একাধিকবার সরব হয়েছিল বিজেপি। সেই দলই সরকারে আসার পর পুলিশকর্মীদের হাতে রাখি পরিয়ে নিরপেক্ষভাবে কর্তব্য পালনের নজির গড়ল আজ।
তবে রাখি উৎসবের এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক চর্চার আরও একটি কারণ রয়েছে। সম্প্রতি ফুটপাথে এক মহিলাকে দুধ গরম করতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন অগ্নিমিত্রা পাল। সেই ঘটনার পর গড়িয়াহাটে ফুটপাথবাসী শিশুদের সঙ্গে রাখির উৎসবে সামিল হওয়া এবং তাঁদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়াকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।