কালীপুজো-দীপাবলির রাতে বাজি ফাটানোর জন্য বরাদ্দ ২ ঘণ্টা, জোর নাগরিক সচেতনতায়
  • ২৯ অক্টোবর, ২০২৬ ১২:১১
Prefer us on Google

কলকাতা, ২৯ অক্টোবর: কালীপুজো, দীপাবলিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শব্দদূষণের অভিযোগ নতুন নয়। এবছর শব্দ-দৈত্যকে জব্দ করতে সরকারি নজরদারির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উপরে জোর দিল রাজ্য সরকার। দীপাবলিতে রাতে বাজি পোড়ানোর জন্য দু’ঘণ্টা সময় বেঁধে দিয়েছে প্রশাসন। তবে ‘সাইলেন্স জোনে’ বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

Advertisement

কালীপুজো ও দীপাবলির সময় বাজি নিয়ে এদিন নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা সহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রসচিব বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সবুজ বাজি ছাড়া অন্য কোনও বাজি ফাটানো যাবে না। দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। ছটপুজোয় এই সময় বরাদ্দ থাকবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা। তবে ‘সাইলেন্স জোনে’ অর্থাৎ হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বৃদ্ধাশ্রমের ১০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এই এলাকায় নীরবতা মেনে চলতে হবে।’
অতীত থেকে শিক্ষা নিয়ে কালীপুজোর সময় অবাঞ্ছিত ঘটনা এড়াতেও তৎপর প্রশাসন। স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, ‘লোকালয়ে বাজিবাজার বসানো যাবে না। ক্রেতা ও বিক্রেতাদের সুরক্ষার স্বার্থে এই পদক্ষেপ। পাশাপাশি নজরদারি চলবে বাজি কারখানা ও গুদামঘরে।’
অন্যদিকে, রাজ্য পুলিশের ডিজি জানিয়েছেন, ‘বাজি কারখানা থেকে দোকান, প্রতিটি স্তরে কড়া নজরদারি চালাবে প্রশাসন। তবে কারখানাগুলির উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’