সাইবার জালিয়াতদের ফাঁদে পা দিলে অ্যাকাউন্ট সাফ! সতর্ক করছে পুলিশ
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উঠেছে। আপনি কোনো লেনদেন না  করে থাকলে নো তে ক্লিক করুন।’ আম জনতার টাকা হাতাতে সাইবার জালিয়াতদের নয়া কৌশল এই টোপ! ইতিমধ্যে কেন্দ্রের তরফে এই কায়দায় প্রতারণা নিয়ে সতর্ক করা হয়েছে পশ্চিমবঙ্গসহ সমস্ত রাজ্যকে। এই ধরনের কোনো মেসেজ এলে তাতে ক্লিক না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করছে পুলিশ।

Advertisement

সাইবার জালিয়াতরা সাধারণ মানুষের টাকা হাতাতে প্রতিদিনই নিত্যনতুন ফন্দিফিকির আঁটছে। এটিএমের পিন চাওয়া, কেওয়াইসির নাম করে নথি হাতিয়ে টাকা তুলে নেওয়ার  মতো কৌশলগুলি পুরানো হয়ে গিয়েছে। ডিজিটাল অ্যারেস্টের নাম করে টাকা আত্মসাতের ফাঁদও জেনে গিয়েছে সাধারণ মানুষের বড়ো অংশ। তাই বাজারে লোক ঠকানোর নয়া কৌশল আমদানি করেছে সাইবার প্রতারকরা।  গ্রাহক এটিএম থেকে টাকা তোলার পর সংশ্লিষ্ট ব্যাংকের তরফে মোবাইলে একটি এসএমএস পান।  তাতে বলা হয়, তাঁর অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা উঠেছে। এটিই নকল করে সাইবার প্রতারকরা বিভিন্ন মোবাইলে ভুয়ো মেসেজ পাঠাচ্ছে। পশ্চিমবঙ্গসহ একাধিক জায়গায় সাধারণ মানুষ এই ধরনের মেসেজ পেয়েছে বলে খবর। অভিযোগ আসছে পুলিশের কাছে। সাধারণভাবে দেখলে  ব্যাংকের মেসেজের সঙ্গে জালিয়াতদের পাঠানো মেসেজের পার্থক্য চোখে পড়বে না।  প্রতারকদের পাঠানো মেসেজে খালি লেখা থাকছে, যদি আপনি লেনদেন না করে থাকেন, তাহলে ‘নো’-তে ক্লিক করুন। তাদের এই ফাঁদে পড়ে অনেকেই টাকা খুইয়েছেন বলে খবর। তাই পুলিশের পরামর্শ,  ‘ব্যাংকের পাঠানো মেসেজে  কখনোই উল্লেখ থাকে না যে আপনি যদি টাকা তুলে না থাকেন তাহলে নো-তে ক্লিক করুন। এই ধরনের মেসেজ দেখলেই এড়িয়ে যেতে হবে।’ জানা গিয়েছে, প্রযুক্তি ব্যবহার করে এই মেসেজ পাঠাচ্ছে প্রতারকরা। তা আটকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ শুরু হয়েছে বলে খবর।