আজকের মধ্যে সাফ হচ্ছে না পুজো সংক্রান্ত বিজ্ঞাপন ও বাঁশের কাঠামো, লোকবলের অভাব, দাবি পুরসভার
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোকবল নেই। তাই বৃহস্পতিবারের মধ্যে শহরের সব জায়গা থেকে পুজোর বিজ্ঞাপনী ব্যানার-হোর্ডিং ও বাঁশের অস্থায়ী বাঁশের কাঠামো সরানো যাচ্ছে না। এদিনই এসব খুলে ফেলার লক্ষ্যমাত্রা নিয়েছিল কলকাতা পুরসভা। জানা গিয়েছে, পুর কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে বিজ্ঞাপন বিভাগ ছাড়াও যে সব বিভাগকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারাও তড়িঘড়ি এই কাজ করার জন্য লোক জোগাড় করতে পারেনি। ফলে নির্ধারিত সময়সীমার মধ্যে শহরের সর্বত্র বাঁশের কাঠামো সরানো সম্ভব হচ্ছে না বলেই জানিয়েছেন আধিকারিকরা।

Advertisement

উল্লেখ্য, এবার বিভিন্ন পুজো কমিটি এবং বিজ্ঞাপনদাতা সংস্থাগুলিকে পুরসভা নির্দেশ দিয়েছিল, ২৮ অক্টোবরের মধ্যে পুজো সংক্রান্ত সমস্ত বিজ্ঞাপনী ব্যানার, ফ্লেক্স, অস্থায়ী কাঠামো সরিয়ে ফেলতে হবে। যেখানে বাঁশ বাঁধা হয়েছে, সেসব খুলে ফেলতে হবে। সেইমতো লক্ষ্মীপুজোর আগের দিন থেকেই ময়দানে নামে পুরসভার বিজ্ঞাপন বিভাগ। তড়িঘড়ি বিভিন্ন জায়গা থেকে অস্থায়ী বিজ্ঞাপন সরানোর কাজ শুরু হয়। এর মধ্যে কাজে গতি আনতে পুর কমিশনারের নির্দেশে কর্তৃপক্ষ আচমকা নির্দেশিকা জারি করে জানায়, ২৯ অক্টোবর অর্থাৎ আজ বৃহস্পতিবারের মধ্যে শহর সাফ করতে হবে। কোথাও পুজো সংক্রান্ত কোনো বিজ্ঞাপন বা বাঁশের কাঠামো থাকবে না। বিজ্ঞাপন বিভাগকে এই কাজে সহযোগিতা করবে বিল্ডিং, জঞ্জাল সাফাই, আলোক, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং উদ্যান বিভাগ।
পুরসভা সূত্রে খবর, অর্ডার হলেও সেই অনুযায়ী কাজ করা যায়নি। প্রতিদিন পুরসভার বিজ্ঞাপন বিভাগের মাত্র চার-পাঁচটি টিম কাজ করছে। সুপারভাইজার ধরলে সব মিলিয়ে ২৫-২৬ জন এই কাজে ব্যস্ত। পুরসভার এক আধিকারিক বলেন, এখনও পর্যন্ত পুজোর বিজ্ঞাপনের ব্যানার, ফ্লেক্স এবং হোর্ডিং ৯৫ শতাংশ খোলা সম্ভব হয়েছে। কিন্তু বাঁশের কাঠামো খোলার কাজে গতি আসেনি। শহরে ২৫ শতাংশ বাঁশ খোলা হয়েছে। লোকবল পর্যাপ্ত নয়। এই ধরনের কাজের জন্য অভিজ্ঞ সংস্থাও হাতের কাছে নেই। তাই অন্যান্য বিভাগ ময়দানে নামতে পারেনি। বিজ্ঞাপন বিভাগ একাই সবটা সামলাচ্ছে। আজ না হলেও চলতি সপ্তাহের মধ্যে সমস্ত বাঁশ খুলে ফেলা যাবে বলে আশা করা যায়।