কলকাতা, ২৯ অক্টোবর: শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। যার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। এর মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপ। জোড়া প্রভাবে গতকাল, বুধবার গভীর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ বিভিন্ন জেলায়। আজ, বৃহস্পতিবার সকালেও শহরের আকাশ মেঘলা। সূর্যের দেখা মেলেনি। সেইসঙ্গে অঝোরে বৃষ্টি হচ্ছে। সারাদিন হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি চলবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
তবে ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলার কিছু জায়গায়। আগামীকাল, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। তবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া প্রভৃতি জেলার কিছু স্থানে। শনিবারও হালকা বৃষ্টি হতে পারে নানা জায়গায়।
আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার পাহাড় লাগোয়া কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।



