Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মারাডাঙ্গিতে ঈদের নামাজের সময়েই বৃদ্ধের গলায় ছুরির কোপ, ধৃত যুবক

ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধ চাঁচল হাসপাতালে চিকিৎসাধীন।

মারাডাঙ্গিতে ঈদের নামাজের সময়েই বৃদ্ধের গলায় ছুরির কোপ, ধৃত যুবক
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: পুরনো শত্রুতার জেরে ঈদের সকালে মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধের গলায় ধারালো ছুরির কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধ চাঁচল হাসপাতালে চিকিৎসাধীন। হরিশ্চন্দ্রপুর থানার পুলিস জানিয়েছে, জখম বৃদ্ধের নাম জেলেল শেখ। তাঁর বাড়ি মারাডাঙ্গি গ্রামে। অভিযুক্ত যুবকের নাম বাবুল আলি। 

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছ’মাস আগে বৃদ্ধের বাড়িতে পাথর ছোঁড়াকে কেন্দ্র করে বাবুলের পরিবারের সঙ্গে বিবাদ হয়েছিল। আবার সপ্তাহখানেক আগে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গণ্ডগোল হয়। এদিন সকালে বাবুল ছুরি নিয়ে মসজিদে নামাজ পড়তে যায়। বৃদ্ধের পাশেই সে নামাজ পড়ছিল। অভিযোগ, সুযোগ বুঝে সে বৃদ্ধের গলায় চাকু চালিয়ে দেয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মসজিদে উপস্থিত গ্রামের লোকেরা যুবককে ধরে ফেলেন। তড়িঘড়ি বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন। সেখানে‌ই তাঁর চিকিৎসা চলছে। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর অভিযুক্তের পরিবারও বাড়ি ছেড়ে পালিয়ে যায়।‌ স্থানীয় বাসিন্দা মহম্মদ নুর সালাম ও‌ লালচন আলিরা বলেন, বৃদ্ধ দ্বিতীয় লাইনে নামাজ পড়ছিলেন। তাঁর পাশেই ছিল বাবুল। নামাজ চলাকালীন আচমকা সে বৃদ্ধের গলায় ছুরিকাঘাত করে।
জখম বৃদ্ধের স্ত্রী হাজেরা বিবি বলেন, স্বামীকে পরিকল্পনা করে খুন করার টার্গেট নিয়েছিল বাবুল। এই ঘটনায় তার পরিবারের লোকেরাও যুক্ত রয়েছে। তাদের কঠোর শাস্তির দাবি করছি। অভিযুক্ত যুবকের দাদা মনিফুল হক বলেন, তাদের সঙ্গে কোনও বিবাদ নেই।‌ ভাইয়ের স্ত্রী বছর‌ খানেক তাকে ছেড়ে চলে গিয়েছে। এনিয়ে ভাই মানসিক অবসাদে ভুগছে। এক সপ্তাহ আগে মুম্বই থেকে বাড়ি ফিরেছে। নামাজ পড়তে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। কেন এই কাণ্ড ঘটিয়েছে, আমরা বুঝতে পারছি না। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, অভিযোগ হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় তদন্ত চলছে। কেন এই খুন করার পরিকল্পনা, তা জানতে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ