মিরাট: স্ত্রী খুন করে দেহ আবর্জনার মধ্যে পুঁতে দিয়েছিল এক যুবক। খুনের অভিযোগে ওই যুবককে বছর খানেক পর গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম কামিল। উত্তরপ্রদেশের বিজনৌরের এই ঘটনায় কামিলের এক ভাইকেও গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে মৃত যুবতীর দেহাবশেষ। পুলিস জানিয়েছে, মৃতার নাম আসিফা (২৮)। সম্পর্কের জটিলতার কারণেই খুন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
তদন্তকারী পুলিস আধিকারিক জানিয়েছেন, বিয়ের পর আসিফাকে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে দিত না কামিল। দু’বছর ধরে আসিফার সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁর পরিজন। সন্দেহ হওয়ায় শেষ পর্যন্ত ২৬ মার্চ আসিফার মা পুলিসে অভিযোগ দায়ের করেন। সন্দেহ হওয়ায় কামিল ও তার ভাই আদিলকে আটক করে জেরা শুরু হয়। তাতেই জানা যায়, কামিল সন্দেহ করত আসিফা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তাই ২০২৩ সালের ২৩ নভেম্বর ভাই আদিল ও কাকিমা চাঁদনির সাহায্যে আসিফাকে শ্বাসরোধ করে খুন করা হয়। এরপর বাড়ির কাছেই আবর্জনার স্তূপের মধ্যে মাটি খুঁড়ে দেহ পুঁতে দেওয়া হয়। শনিবার অভিযুক্তদের দেখিয়ে দেওয়া জায়গা খুঁড়ে দেহাবশেষ উদ্ধার করা হয়। পুলিস জানিয়েছে, অভিযুক্ত চাঁদনির খোঁজে তল্লাশি চলছে।