সংবাদদাতা, কাকদ্বীপ: সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে নামখানার বকখালি সমুদ্র সৈকতে। মৃত যুবকের নাম ওয়াহিদ আলি (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কলকাতার আলিমুদ্দিন স্ট্রিট থেকে নয়জন যুবক বকখালিতে বেড়াতে এসেছিলেন। সকাল ১১টা নাগাদ তাঁরা স্নান করার জন্য সমুদ্রে নামেন। সেইসময় হঠাৎই একজন উত্তাল সমুদ্রে তলিয়ে যান। এরপরই তাঁর সঙ্গীরা চিৎকার শুরু করে দেন। তাঁদের চিৎকার শুনে সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে যান। খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপরই পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা যৌথভাবে বকখালির সমুদ্রে তল্লাশি শুরু করেন। কিছু সময় পরই ওই যুবককে সমুদ্রে ভাসতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নামখানার দ্বারিননগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিজস্ব চিত্র



