Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলে খেলতে গিয়ে সাপের ছোবল, হাসপাতালে খুদে পড়ুয়া

সোমবার সকালে ফের স্কুলের অন্দরেই খুদে পড়ুয়াকে সাপের কামড়। ঘটনাটি ঘটেছে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে। টিফিনের সময়ে খেলতে গিয়ে এই ঘটনাটি ঘটে।

স্কুলে খেলতে গিয়ে সাপের ছোবল, হাসপাতালে খুদে পড়ুয়া
  • ২৪ আগস্ট, ২০২৬ ১৫:৫৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার সকালে ফের স্কুলের অন্দরেই খুদে পড়ুয়াকে সাপের কামড়। ঘটনাটি ঘটেছে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে। টিফিনের সময়ে খেলতে গিয়ে এই ঘটনাটি ঘটে। এরপরেই যথারীতি আতঙ্ক ছড়ায় স্কুল চত্বরে। জখম খুদে পড়ুয়াটি প্রথম শ্রেণীর ছাত্র। নাম ধৃপ্ত পাল। টলিগঞ্জের বাসিন্দা ধৃপ্ত। ঘটনার পরই তড়িঘড়ি বাচ্চাটিকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। 

Advertisement

স্কুলের প্রধান শিক্ষিকা জানান, সোমবার সকাল ৮টা ৩০ নাগাদ টিফিনের সময় এই ঘটনাটি ঘটে। সাধারণত প্রথম শ্রেণীর ক্লাস স্কুলের দ্বিতীয় ও তৃতীয় তলায় হয়। এদিন প্রতিদিনের মতোই ধৃপ্ত টিফিনের সময় নীচের তলায় খেলতে নেমেছিল। তখনই তার হাতে একটি সাপ ছোবল দেয়। স্কুল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, ঘটনাটি নীচের তলারই কোনো একটি রুমে হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত ওই সাপটির খোঁজ পাওয়া যায়নি। সন্দেহ করা হচ্ছে স্কুলের ১৬ নম্বর ঘরটি বন্ধ থাকে, ওই ঘরেই  লুকিয়ে আছে সাপটি। তাই বিপদ এড়াতে ওই ঘরটিকে নজরে রাখা হচ্ছে।   

চলতি মাসেই গত মঙ্গলবার আনন্দপুর এলাকার দি হেরিটেজ স্কুলে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে সাপে কাম‌ড়ানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। শৌচাগারে বছর আটেকের ওই ছাত্রীকে সাপে কামড়ায় বলে জানা গিয়েছে। পরবর্তীতে অভিভাবকরা জানতে পেরে পড়ুয়াকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করেন। ওই পড়ুয়া বন্ধুদের কাছে বিষয়টি বললেও শিক্ষিকার কাছে সাপের কামড়ের বিষয়টি চেপে যায় ছাত্রী। বাড়িতেও জানায়নি। পরে এক বন্ধুর বাড়ি থেকে ছাত্রীর অভিভাবকদের সাপে কামড়ানোর বিষয়টি জানানো হয়। তারপরেই তাকে হাসপাতালে ভরতি করা হয়। ঘটনার পরের দিনই সাফাই কাজ ও নিরাপত্তার কারণে স্কুল বন্ধ রাখা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ