Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে প্রেমিকার দাদার হুমকিতে তরুণ আত্মঘাতী

প্রেমিকার দাদার হুমকিতে ভয়ে গলায় ফাঁস দিয়ে এক তরুণ আত্মঘাতী হয়েছেন।

বর্ধমানে প্রেমিকার দাদার হুমকিতে তরুণ আত্মঘাতী
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: প্রেমিকার দাদার হুমকিতে ভয়ে গলায় ফাঁস দিয়ে এক তরুণ আত্মঘাতী হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম রনিত বন্দ্যোপাধ্যায়(১৮)। বর্ধমান থানার নাড়িগ্রামের পূর্বপাড়ায় তাঁর বাড়ি। তিনি ইছলাবাদে একটি বাইকের গ্যারাজে কাজ করতেন। মৃতের কাছ থেকে একটি সুসাইড নোট পাওয়া গিয়েছে। 

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, গ্যারাজ মালিকের বোনের সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। গ্যারাজ মালিক বিষয়টি মেনে নিতে পারেননি। মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে বেশকিছুদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনার দিনও তাঁকে হুমকি দেওয়া হয়। মৃতের দাদা রাহুল বন্দ্যোপাধ্যায় বলেন, ভাইয়ের সঙ্গে গ্যারাজ মালিকের বোনের ভালোবাসার কথা জানার পরই নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। তার জেরেই ভাই আত্মঘাতী হয়েছে। ঘটনার বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বর্ধমান থানা। অন্য একটি ঘটনায় শক্তিগড় থানার গঞ্জ এলাকায় শ্মশান লাগোয়া মাঠে গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা সোমবার সন্ধ্যায় দেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের নাম মনেশ মল্লিকরায়(৩১)। তাঁর বাড়ি আউশগ্রাম থানার বোড়া গ্রামে। তিনি চেন্নাইয়ে কাজ করতেন। দেহ উদ্ধার হওয়ার আগের দিনই তিনি চেন্নাই থেকে ফিরে দেওয়ানদিঘি থানার কোড়ার গ্রামে আসেন। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোড়ার গ্রামে এক গৃহবধূর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। সম্পর্কের টানাপোড়েনের জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে এলাকাবাসীর অনুমান। য়ই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিস। মৃতের বাবা সুশান্ত মল্লিকরায় বলেন, গৃহবধূর টানে ছেলে চেন্নাই থেকে কোড়ার গ্রামে আসে। ছেলেকে খুন করা হয়েছে। অপর একটি ঘটনায় শক্তিগড় থানার দক্ষিণ গোপালপুরে এক প্রৌঢ়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঘরের পিছনে গাছে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম সাবিত্রী রুইদাস(৫৬)। পরিবারের দাবি, তিনি মানসিক রোগী ছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল। অন্যদিকে, জামালপুর থানার জৌগ্রামে গলায় ফাঁস লাগিয়ে এক বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম সঞ্জীব বসুমল্লিক(৭৯)। সোমবার বিকেলে ঘরে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মঘাতী হন।  খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ