লখনউ: সাংবাদিক সম্মেলনে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বেরিয়ে গেলেন যোগী আদিত্যনাথ। এমনই অভিযোগ ঘিরে বিরোধী শিবিরের আক্রমণের মুখে পড়লেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের তোপ, এখন থেকে সাংবাদিক সম্মেলনকে ‘স্বগতোক্তি’ বলা উচিত। ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, শনিবার ‘সেবা সংকল্প অভিযানে’র সূচনা করেন যোগী। সঙ্গে ছিলেন রাজ্যে বিজেপি প্রধান পঙ্কজ চৌধুরী। অনুষ্ঠানের পর সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়েই যোগী চলে যান অভিযোগ। মুখ্যমন্ত্রীর এহেন আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অখিলেশ। এক্স হ্যান্ডলে তাঁর তোপ, ‘যারা বারবার নাম পরিবর্তন করছে তাদের সাংবাদিক সম্মেলনেরও নাম বদলে ‘সাংবাদিক স্বগতোক্তি’ করা উচিত। বলা দরকার, এখানে শুধুমাত্র বিবৃতি দেওয় হয়। সংবাদমাধ্যম প্রশ্ন করতে পারে না। যদি কোনো আলোচনা না হয়, তাহলে কি সম্মেলন বলা যায়?’ পোস্টের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে দেখা যাচ্ছে, সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছেন যোগী। তাঁকে প্রশ্ন করার চেষ্টা করছেন এক মহিলা সাংবাদিক। এবিষয় অখিলেশ লেখেন, ‘উত্তরপ্রদেশে প্রশ্নের বন্যা বয়ে যাচ্ছে। তবে কারুর কাছে কোনো উত্তরই নেই। এটাই সত্যি। এরপর কী হবে? ওরা কি বলবে যে প্রশ্ন শুনতে ভালো লাগছে না?’



