লখনউ: বারাণসীতে গঙ্গা নদীর উপরে নতুন সেতুটির নাম হবে ‘নমো ব্রিজ’। শনিবার সেতুটির নির্মাণ কাজ ও কাশী স্টেশন পরিদর্শন করে এমনটাই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রায় ১২০০ কোটি টাকা ব্যয়ে নমো ঘাটের কাছেই গঙ্গার উপর গড়ে উঠছে নতুন সেতুটি। দুই তলের এই ব্রিজের উপরের অংশে থাকবে ৬ লেনের হাইওয়ে। নীচের অংশে থাকবে ৪টি রেলওয়ে ট্র্যাক। এদিন বৈষ্ণব জানিয়েছেন, আগামী ১০০ বছরের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এই ব্রিজটি তৈরি করা হচ্ছে। ৩ বছরের মধ্যেই সেতুটির নির্মাণ কাজ শেষ হবে। মডেল স্টেশন হিসাবে গড়ে তোলা হচ্ছে কাশী স্টেশনটিকেও। নমো ব্রিজ হয়ে আসা ট্রেনগুলি সেখানেই আসবে। এদিন বারাণসী থেকে নয়াদিল্লি পর্যন্ত বন্দে ভারত স্লিপার ট্রেনেরও উদ্বোধন করেন অশ্বিনী। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এদিন এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘দিল্লি-বারাণসী রেল যোগাযোগের ক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন। দেশের দ্বিতীয় বন্দের ভারত স্লিপার ট্রেনটি শুধু কম সময়ে গন্তব্যে পৌঁছে দেবে না, এর নিরাপত্তাও বিশ্বমানের।’



