Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুল রক্ত: সরানো হল গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার, ল্যাব ইনচার্জ, ডাক্তারকে

ভুল রক্তে রোগী মৃত্যুর ঘটনার পর সরানো হল গঙ্গারামপুর সুপার স্পেশলিটি হাসপাতালের সুপার, চিকিত্সক ও ল্যাব ইনচার্জকে।

ভুল রক্ত: সরানো হল গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার, ল্যাব ইনচার্জ, ডাক্তারকে
  • ৭ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: ভুল রক্তে রোগী মৃত্যুর ঘটনার পর সরানো হল গঙ্গারামপুর সুপার স্পেশলিটি হাসপাতালের সুপার, চিকিত্সক ও ল্যাব ইনচার্জকে।

Advertisement

কুশমণ্ডির যুবতী মৌসুমী মার্ডির মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার জরুরি বৈঠক করে হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ও জেলা স্বাস্থ্য দপ্তর। বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রও।  
মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে মৌসুমীর দেহ ময়নাতদন্তের পর কুশমণ্ডির গ্রামে এদিন সৎকার করে পরিবার। তবে, তাঁর পরিবার যে এখানেই থামবে না, তা স্পষ্ট করে দিয়েছে আরেকবার। শেষকৃত্য হয়ে যাওয়ার পর বারবার জ্ঞান হারাচ্ছিলেন মৃতের বোন জয়ন্তী মার্ডি। তিনি বলেছেন, এভাবে দিদির মৃত্যু মেনে নিতে পারছি না। ন্যায় বিচারের জন্য যেখানে যেতে হয় যাব। আইনের সাহায্য নিয়ে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগ করব। দোষীদের চরম শাস্তি চাই।  
রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপার পদে থাকা বাবুসোনা সাহাকে সরিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মরত চিকিৎসক কৌশিক চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়। তাছাড়া অভিযুক্ত চিকিৎসক ব্রিজেশ সাহার বদলি হয়েছে হরিরামপুর বালিহারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পাশাপাশি, হাসপাতালের ল্যাব ইনচার্জ কোয়েল বাগচীকে পাঠানো হয়েছে হিলি ব্লকে। জেলা স্বাস্থ্য দফতরও তদন্ত কমিটি গঠন করে বিস্তারিত খোঁজখবর করার কাজ চালিয়ে যাচ্ছে। রাজ্যে পাঠানো হয়েছে মৃত আদিবাসী যুবতীর রক্তের নমুনা। সেই রিপোর্টের অপেক্ষায় রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।
গঙ্গারামপুর হাসপাতালের একাংশ চিকিত্সকের বিরুদ্ধে বারবার দেরিতে আউটডোরে আসা, চিরকুটে ব্র্যান্ডেড ওষুধ লেখা, অ্যাসিস্ট্যান্টদের দিয়ে রোগীদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। এনিয়ে রোগী ও পরিজনদের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল। এবার চরম গাফিলতিতে রোগীমৃত্যুর ঘটনায় ফুঁসছেন বাসিন্দারা। তাঁরাও কুশমণ্ডির মৃত যুবতীর পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। গত কয়েকদিন ওই পরিবারের পাশে থাকা শিক্ষক দুর্গা সরেন বলেন, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। ওই পরিবারের পাশে দাঁড়িয়ে সুবিচারের ব্যবস্থা করুক সরকার।
হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস বলেন, সুপার, ল্যাব ইনচার্জ ও এক চিকিত্সককে সরানো হয়েছে। রোগীর পরিবার ভুল রক্ত দেওয়ার অভিযোগ করেছে। তা নিয়ে আমাদের বৈঠকে আলোচনা হয়েছে। রক্তের নমুনা পাঠানো হয়েছে রাজ্যে। ভুল হয়ে থাকলে আইনি ব্যবস্থা নেবে সরকার। রোগীর স্বার্থ সবার আগে। আমরা মিটিংয়ে সকলকে সতর্ক করেছি। হাসপাতালের কাজকর্মে নিয়মিত নজরদারি চালানো হবে। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ