Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

বাগদেবীর আরাধনা

বই, খাতা, রং পেন্সিল, হারমোনিয়াম দিন দুয়েকের জন্য জমা থাকবে সরস্বতীর কাছে। পড়াশোনার ছুটি। শীতের সকালে ঘুম থেকে উঠে পড়তে হবে। স্নান সেরে অঞ্জলি।

বাগদেবীর আরাধনা
  • ১৭ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বই, খাতা, রং পেন্সিল, হারমোনিয়াম দিন দুয়েকের জন্য জমা থাকবে সরস্বতীর কাছে। পড়াশোনার ছুটি। শীতের সকালে ঘুম থেকে উঠে পড়তে হবে। স্নান সেরে অঞ্জলি। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোলোচনে...।’ তারপর কুল খাওয়ার পালা। সঙ্গে ভোগের খিচুড়ি। এর মধ্যে যেতে হবে স্কুল। সেখানে পুজোর দিনে নানা রঙের মেলা। শিক্ষক-শিক্ষিকাদের মুখেও প্রশ্রয়ের হাসি। মায়ের শাড়ি, দিদির শাড়ি পেরিয়ে যে বছর নিজের শাড়ি পরে সরস্বতী পুজো কাটানো যাবে, সে বছর আনন্দ বেড়ে যাবে কয়েক গুণ। এখনও এভাবেই সরস্বতী পুজোয় আনন্দ করতে ভালোবাসে নতুন প্রজন্ম। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে মিলল তার প্রমাণ।

Advertisement

অনুমেঘা কাহালী অভিনয় জগতে খুদে প্রতিভা হিসেবে সমাদৃত। সরস্বতী পুজোর ফ্যাশনে তাকে প্রথমে পরানো হয়েছিল সবুজ ঢাকাই। আঁচলে সরস্বতীর মোটিফ এমব্রয়ডারি করা। সাদা লেস লাগিয়ে তা আবার হাইলাইট করা হয়েছে। সঙ্গে কনট্রাস্ট হলুদ ব্লাউজ। ছোট্ট টিপ, খোলা চুলে সে যেন এক রঙিন প্রজাপতি। শাড়িটি এত পছন্দ হয়েছে অনুমেঘার, মাকে বলেই ফেলল, ‘সরস্বতী পুজোর দিন এই শাড়িটাই আমি পরব।’ দু’-হাতে ম্যাচিং চুড়িতে সেজেছিল অনুমেঘা।

অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী অনুমেঘা। তাদের স্কুলে পুজো হয় না। ফলে বাড়ির পুজোতেই দিনভর আনন্দে মেতে থাকে সে। নিজের হাতে আলপনা দিতেও শিখেছে। তার পরনের দ্বিতীয় হলুদরঙা জামাটিও সরস্বতী পুজোর দিনের জন্য আদর্শ। জামার উপর সুতোর কাজে আঁকা রয়েছে মা ও সন্তানের মোটিফ। দুই বিনুনির সাজে চমৎকার মানিয়েছে তাকে।

অভিনয় জগতের আরও এক পরিচিত মুখ অভিরূপ বড়াল। আইডিয়াল মিশন স্কুলের এই ছাত্র ক্রিকেটের ভক্ত। তার পরনের হলুদ পাঞ্জাবিতে লাল সুতোর এমব্রয়ডারি করা। লেখা রয়েছে ‘বাণী অর্চনা’। কোরা ধুতিতে লাল বর্ডার। ধুতির কোঁচা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে হাসিমুখে ক্যামেরায় তাকাল সে। হাতে রয়েছে ‘হাঁদা ভোঁদা’। পড়াশোনার ফাঁকে বই পড়তেও ভালোবাসে অভিরূপ। পাঞ্জাবির সঙ্গে ধুতি পরতে অসুবিধে হলে পাজামা দিয়েও পরানো যেতে পারে। তবে ইলাস্টিক দেওয়া রেডিমেড ধুতি এখন পরার সুবিধের জন্য অনেকেই বেছে নেন।

সরস্বতী পুজোর সাজ মানেই মনে পড়ে কাঁচা হলুদ রং। সাদা, গোলাপি, সবুজ রঙের শাড়ি পাঞ্জাবিতেও স্টাইল তৈরি করতে পারেন। বিদ্যার দেবীর আরাধনা হয় প্রতিটি বাড়িতে। সেই হাতেখড়ি থেকে শুরু। জীবনভর এই পুজোকে ঘিরে জমে থাকে নস্টালজিয়া। বয়স বেড়ে গেলেও মনে পড়ে যায় ছোটবেলার কথা। শাড়ি হোক বা পাঞ্জাবি তাতে যেন আড়ষ্ট না লাগে, সেটা খেয়াল রাখতে হবে। যে কোনও বয়সের মানুষেরই পোশাক নির্বাচনের ক্ষেত্রে আরামকে প্রাধান্য দেওয়া উচিত। পাশাপাশি দেখতে হবে নিজের ব্যক্তিত্ব যেন সাজের আড়ালে ঢাকা না পড়ে।

স্বরলিপি ভট্টাচার্য

Advertisement
সম্পর্কিত সংবাদ