Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আমেরিকায় ওয়ার্ল্ড পুলিস অ্যান্ড ফায়ার গেমস, বিশ্বমঞ্চে দেশের হয়ে রিলে রেসে দিনহাটার সৌরভ সাহা

বিশ্বমঞ্চে দিনহাটার সৌরভ। ভারতের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে দৌড়বেন বিএসএফের এই অ্যাথলিট।

আমেরিকায় ওয়ার্ল্ড পুলিস অ্যান্ড ফায়ার গেমস, বিশ্বমঞ্চে দেশের হয়ে রিলে রেসে দিনহাটার সৌরভ সাহা
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দিনহাটা: বিশ্বমঞ্চে দিনহাটার সৌরভ। ভারতের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে দৌড়বেন বিএসএফের এই অ্যাথলিট। দিনহাটার মাটি থেকে উঠে আসা আর এক প্রতিভা বিশ্বমঞ্চে। গোপালনগরের বাসিন্দা বিএসএফ কর্মী সৌরভ সাহা এবার অংশ নিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামায় হতে চলা ২১ তম ওয়ার্ল্ড পুলিস অ্যান্ড ফায়ার গেমসে। বিশ্বজুড়ে পুলিস ও ফায়ার সার্ভিসের ক্রীড়াবিদদের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় সৌরভ দেশের প্রতিনিধিত্ব করবেন অ্যাথলেটিক্স বিভাগে।

Advertisement

১৮ জুন নয়াদিল্লির এসপি মার্গে বিএন মল্লিক মেমোরিয়াল অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন সৌরভ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি বলেন, ওলিম্পিক ও কমনওয়েলথ গেমসের মতোই বিশ্ব পুলিস ও ফায়ার গেমস আন্তর্জাতিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭৮টির বেশি দেশ অংশ নিচ্ছে। আমি আশাবাদী, আমাদের ক্রীড়াবিদরা পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করবেন।
সৌরভের সাফল্যের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম ও একজন দূরদৃষ্টিসম্পন্ন প্রশিক্ষকের অবদান। গোপালনগর এমএমএস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র থাকাকালীন সকালে বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার জন্য অনুশীলন করছিলেন সৌরভ। সেই সময় দিনহাটা শহরের বিশিষ্ট ক্রীড়াবিদ ও প্রশিক্ষক চন্দন সেনগুপ্তের নজরে পড়েন তিনি। ছেলেটির দৌড়ে ছিল আলাদাই আত্মবিশ্বাস। চন্দনের কথায়, শুরুতেই বুঝতে পেরেছিলাম উপযুক্ত প্রশিক্ষণ পেলে অনেক দূর যাবে সৌরভ।
চন্দনের উদ্যোগেই সৌরভকে ভর্তি করা হয় শিলিগুড়ির সাই-তে। সেখানে টানা দু’বছর কড়া অনুশীলনের পর স্পোর্টস কোটায় বিএসএফে চাকরি পান তিনি। এরপর শুরু হয় জাতীয় স্তরে সাফল্যের অধ্যায়। অল ইন্ডিয়া পুলিস অ্যাথলেটিক্স টুর্নামেন্টে ২০২৩ সালে রুপো এবং ২০২৪ সালে সোনা জেতেন। বর্তমানে ৪x১০০ মিটার রিলে রেসে ভারতের অন্যতম দ্রুততম দৌড়বিদ সৌরভ। এই গর্বের মুহূর্তে সৌরভ বলেন, আমার শুরুটা হয়েছিল দিনহাটার মাটিতে। সেই পরিচয় নিয়েই যাচ্ছি বিশ্বমঞ্চে। দেশের হয়ে নামা বিশাল দায়িত্ব। চেষ্টা করব সেরোটা দিয়ে দেশের জন্য পদক জিততে।

Advertisement
সম্পর্কিত সংবাদ