Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহ পুলিশ জেলার ওয়েবসাইটে আপলোড হচ্ছে না এফআইআর, সমস্যায় সাধারণ মানুষ ও আইনজীবীরা

মালদহ পুলিশের ওয়েবসাইটে এফআইআর আপলোড হচ্ছে না, ফলে বিপাকে সাধারণ মানুষ ও আইনজীবীরা। কেন হচ্ছে না জানুন। বিস্তারিত পড়ুন।

মালদহ পুলিশ জেলার ওয়েবসাইটে আপলোড হচ্ছে না এফআইআর, সমস্যায় সাধারণ মানুষ ও আইনজীবীরা
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তারক চক্রবর্তী, মালদহ: মালদহ পুলিশ জেলার কোনো থানারই অভিযোগপত্র নিয়ম অনুযায়ী ওয়েবসাইটে আপলোড হচ্ছে না। এতে অভিযুক্ত ব্যক্তি যেমন জানতে পারছেন না কোন কোন ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তেমনি অভিযোগকারীও কিছু বুঝতে পারছেন না। 

Advertisement

নির্দিষ্ট ওয়েবসাইটে অভিযোগপত্র আপলোড না হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি আইনজীবীরাও বিপাকে পড়ছেন। যা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ থেকে আইনজীবীদের একাংশ। নির্দিষ্ট ওয়েবসাইটে অভিযোগপত্র আপলোড করতে পুলিশ কেন গড়িমসি করছে, তা নিয়েও উঠছে প্রশ্ন। এবিষয়ে মালদহের অতিরিক্ত পুলিশ সুপার মকসুদ হাসান বলেন, আগে সমস্ত অভিযোগ ওয়েবসাইটে আপলোড হত। এখন কেন হচ্ছে না, খতিয়ে দেখব।
মালদহ জেলা আদালতের আইনজীবী সুদীপ্ত গঙ্গোপাধ্যায় বলেন, নিয়ম অনুযায়ী সমস্ত থানার অভিযোগপত্র এবং বাজেয়াপ্ত সামগ্রীর তালিকা জেলা পুলিশের ওয়েবসাইটে আপলোড হওয়ার কথা। এই তথ্য আপলোড না হওয়ায় সাধারণ মানুষও সমস্যায় পড়ছেন।
পশ্চিমবঙ্গ পুলিশের নির্দেশিকা অনুযায়ী, নাগরিকদের সুবিধার্থে এবং স্বচ্ছতা বজায় রাখতে সমস্ত এফআইআর বা অভিযোগের অনুলিপি সংশ্লিষ্ট পুলিশ জেলার অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা বাধ্যতামূলক। 
প্রতিটি জেলা পুলিশ বা কমিশনারেট এই কাজ করে থাকে। প্রতিটি থানায় দায়ের হওয়া অভিযোগপত্র নির্দিষ্টভাবে ওয়েবসাইটে রাত ১২টার মধ্যে আপলোড হয়ে থাকে। যদি কেউ কোনো নির্দিষ্ট জেলার পোর্টালে অভিযোগ জানাতে চান বা আপলোড করা স্ট্যাটাস দেখতে চান, তাহলে ওই পুলিশ জেলা বা কমিশনারেটের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন। কিন্তু মালদহ জেলা পুলিশের ওয়েবসাইটে দীর্ঘদিন ধরে কোনো থানার কোনো অভিযোগপত্র ওয়েবসাইটে আপলোড হচ্ছে না বলে অভিযোগ। 
যার ফলে কে কোন অভিযোগ, কার বিরুদ্ধে করেছেন তা সুনির্দিষ্টভাবে জানা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরে এই সমস্যায় থাকায় আইনজীবীরাও সাধারণ মানুষের সমস্যা সমাধান করতে গিয়ে বিপাকে পড়ছেন। 
কেন অভিযোগপত্র আপলোড হচ্ছে না? পুলিশের একটি অংশের দাবি, নানা কারণে কিছু প্রযুক্তিগত ত্রুটি হয়। যার ফলে অনেক সময় অভিযোগপত্র এবং বাজেয়াপ্ত করার তালিকা সুনির্দিষ্টভাবে আপলোড করতে সমস্যা হয়ে থাকে। প্রযুক্তিগত ওই ধরনের সমস্যা মিটিয়ে দিলে আগামীতে আপলোড করা সম্ভব হবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ