সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা শহরে কালীপুজোর নিরঞ্জনে দুই পুজো কমিটির হাতাহাতি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার রাতে শহরের পোস্ট অফিস মোড়ে দু’পক্ষের হাতাহাতির সময়ে অযথা হেনস্তা হতে হয় প্রতিমা নিরঞ্জন দেখতে আসা বেশ কয়েকজনকে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যেতে হয় পুলিশকে। মাথাভাঙা থানার পুলিশ গিয়ে দু’পক্ষকে সরিয়ে দেয়। যদিও এনিয়ে মাথাভাঙা থানায় লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি। দু’পক্ষই একে অপরের দিকে আঙুল তুলেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মাথাভাঙা চৌপথি এলাকায় শহরের ৯ নম্বর ওয়ার্ডের একটি পুজো কমিটির সদস্যরা নিরঞ্জনের কার্নিভাল করে। অপরদিকে, পোস্ট অফিস মোড়ে কার্নিভাল চলছিল ৬ নম্বর ওয়ার্ডের একটি পুজো কমিটির। অভিযোগ, ৯ নম্বর ওয়ার্ডের পুজো কমিটির ঢাকির দলের ফেরার সময় অন্য কমিটির ঢাকিদের বচসা হয়। এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষের লোকজন। মাঝখানে পড়ে হেনস্তা হতে হয় কয়েকজন দর্শনার্থীকেও। গণ্ডগোলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় মাথাভাঙা থানার পুলিশ। দু’পক্ষকেই সরিয়ে দেওয়া হয়।
কার্নিভাল দেখতে আসা সঞ্জীব দাস, বাপ্পা মালাকার বলেন, আমরা পাশে দাঁড়িয়ে প্রদর্শনী দেখছিলাম। আচমকা হাতাহাতি শুরু হয়। কিছু বোঝার আগেই আমাদের দিকে তেড়ে আসে কয়েকজন। আমাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পুলিশ হস্তক্ষেপ করার পর দুই পুজো কমিটির কেউ আর এবিষয়ে কিছু বলতে চায়নি। তবে দু’পক্ষই জানিয়েছে, তাদের কোনো দোষ নেই। মাথাভাঙা থানার পুলিশ জানিয়েছে, প্রতিমা নিরঞ্জনকে ঘিরে ঝামেলা হয়েছে। দু’পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। কেউ লিখিত অভিযোগ জানায়নি। ঘটনায় কেউ জখম হয়নি।



