সংবাদদাতা, ডোমকল: রাজ্যের নতুন সরকার নারী ও শিশুদের উপর নির্যাতন বন্ধে বিশেষ গুরুত্ব দিয়েছে। যৌন নির্যাতনের ঘটনায় কড়া পদক্ষেপের বার্তাও দেওয়া হয়েছে বারবার। নাবালিকা ধর্ষণ, খুন, যৌন নির্যাতনের ঘটনায় দুই অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। কিন্তু এত কিছুর পরেও কি শিশুদের উপর যৌন নির্যাতন-নিপীড়নের ঘটনায় রাশ টানা যাচ্ছে? শিশু দিবসে সীমান্ত লাগোয়া ডোমকল মহকুমার সাম্প্রতিক কয়েকটি ঘটনা সেই প্রশ্নই উসকে দিচ্ছে। গত কয়েক মাসে মহকুমার বিভিন্ন এলাকায় এইরকম একাধিক ঘটনায় উদ্বেগ বাড়ছে মহকুমাবাসীদের।
গত কয়েক মাসে কখনও শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে, কখনও গৃহশিক্ষকের পরিচয়ে বাড়িতে ঢুকে, আবার কখনও পরিচিত কারও বাড়িতে, বিভিন্ন জায়গায় যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে শিশুদের। মাসখানেক আগেই মহকুমার একটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দুই নাবালককে উদ্ধার করা হয়। তদন্তে উঠে আসে, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানের অন্য পাঁচ নাবালক আবাসিকের দ্বারা ব্যাপক যৌন নির্যাতনের শিকার হচ্ছিল তারা। এমনকী, প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা বিষয়টি জানার পরেও পুলিশকে জানাননি বলে অভিযোগ।
অন্য একটি ঘটনায় গৃহশিক্ষকের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে চতুর্থ শ্রেণির এক নাবালিকাকে একা পেয়ে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ষাটোর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে। আবার মহকুমারই একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের ভিতরে এক পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয় এক শিক্ষক। অন্য একটি থানা এলাকাতেও গৃহশিক্ষকের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে।
এগুলি অবশ্য গত কয়েকমাসের কয়েকটি ঘটনা মাত্র। পুলিশের একটি বিশ্বস্ত সূত্রের দাবি, গত তিন মাসে ডোমকল মহকুমার পাঁচটি থানা এলাকায় পকসো আইনে মোট ২৬ মামলা দায়ের হয়েছে। রাজ্যের নতুন সরকার এই ধরনের অপরাধ বন্ধে জোর দিয়েছে। বিভিন্ন সময়ে নানা সচেতনতামূলক কর্মসূচিও হয়। কিন্তু এত কড়াকড়ি, সচেতনতা এবং প্রশাসনিক পদক্ষেপের পরেও কেন এই ধরনের অপরাধ বন্ধ করা যাচ্ছে না, উঠছে সেই প্রশ্ন।
এক অভিভাবক মহম্মদ শাহনূর আলম বলেন, শিশুদের উপর যেভাবে অপরাধের ঘটনা ঘটছে, তাতে অভিভাবক হিসেবে আমাদের উদ্বেগ বাড়ছে। ঘটা করে শিশু দিবস কিংবা বছরে দু’-একবার এগুলো নিয়ে কর্মসূচি করলেই হবে না। সারা বছর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশানিকভাবে কড়াকড়ির পাশপাশি অভিভাবক ও অন্যদের সচেতনতা বাড়ানো জরুরি। শিশুদের নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার ডোমকল মহকুমার ইনচার্জ অর্পিতা হালদার বলেন, আমরা নিয়মিত মানুষকে সচেতন করার চেষ্টা করছি। সচেতনতা বাড়ার ফলে আগে যে ঘটনাগুলি অনেক সময় গ্রামের মধ্যেই মিটিয়ে দেওয়া হতো, এখন সেগুলির অভিযোগ থানায় আসছে। সরকারও কড়া পদক্ষেপ করছে।
কিন্তু তারপরেও অপরাধীরা ভয় করছে না। অনেক ক্ষেত্রে অভিযুক্তরা নির্যাতিতার পরিবারের পরিচিত বা ঘনিষ্ঠ হওয়ায় ঘটনাগুলি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। কখনও পরিবারকে নানা ভাবে প্রভাবিত করারও চেষ্টা করা হয়। পুলিশ সূত্রের দাবি, শিশুদের সুরক্ষায় নিয়মিত সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। থানাগুলিতে আলাদা ডেস্ক তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। অভিযোগ পেলেই মামলা রুজু করে কড়া পদক্ষেপ করা হচ্ছে। আর সেই কারণেই এত অভিযোগ দায়ের হচ্ছে। তারপরেও কিছু ঘটনা ঘটছে। আমরা কড়া ব্যবস্থা নিচ্ছি। স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকেও কাজে লাগানো হচ্ছে।



